দক্ষিণাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত, উত্তরে ঝড়-বৃষ্টির আভাস
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
দেশের দক্ষিণাঞ্চলে চলমান তীব্র তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে একই সময়ে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘দক্ষিণের জেলা খুলনা, সাতক্ষিরা, বাগেরহাট এবং যশোরে হিটওয়েভ আছে এবং এটা অব্যাহত থাকবে। আর দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।’
ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের নদী বন্ধরগুলোতে এক নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে বলেও জানান তরিফুল নেওয়াজ কবির।
আবহাওয়া অফিসের সবশেষ বার্তা অনুযায়ী- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঝড়ো বাতাসসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।