EN ☀️
×

Follow Us

আবহাওয়া

ময়মনসিংহ-সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস, সাত নদীবন্দরে সতর্কতা জারি

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজারহাটে, ৯৭ মিলিমিটার

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:৪৯ পিএম

ময়মনসিংহ-সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস, সাত নদীবন্দরে সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

অ অ

দেশের বিভিন্ন অঞ্চলে আজ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ বিদ্যমান রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে, ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার এবং ভোর ৬টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজারহাটে, ৯৭ মিলিমিটার। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে এবং সূর্যোদয় আগামীকাল ভোর ৫টা ১৫ মিনিটে।

এদিকে দেশের সাতটি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম এ সাত অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানায়, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন