EN ☀️
×

Follow Us

বাণিজ্য

জাতীয় রাজস্ব বোর্ডের অনুসন্ধান

২৯ রেস্তোরাঁর ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে বিক্রি বেশি, রিটার্নে কম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:২১ এএম

২৯ রেস্তোরাঁর ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে বিক্রি বেশি, রিটার্নে কম

ছবি: সংগৃহীত

অ অ

অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে প্রকৃত বিক্রির তুলনায় ভ্যাট রিটার্নে কম হিসাব দেখিয়ে বড় অঙ্কের রাজস্ব ফাঁকির ঘটনা ধরা পড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক বিশেষ অনুসন্ধানে দেখা গেছে, গত আগস্ট মাসে দেশের ২৯টি রেস্তোরাঁ প্রায় ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকার বিক্রয় তথ্য গোপন করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।

মূসক গোয়েন্দাদের তদন্ত অনুযায়ী, ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুড—এই তিনটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওই ২৯টি রেস্তোরাঁর মোট বিক্রি হয়েছিল ৬ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৯১৫ টাকা।

কিন্তু প্রতিষ্ঠানগুলো তাদের মাসিক ভ্যাট দাখিলপত্রে ডাইন-ইন, পার্সেল ও অনলাইন মিলিয়ে সর্বমোট বিক্রি দেখিয়েছে মাত্র ৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ১২৫ টাকা। অর্থাৎ কেবল অনলাইন বিক্রির হিসাবেই প্রায় ২ কোটি ৯৬ লাখ টাকা আড়াল করা হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, একটি রেস্তোরাঁর মোট আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ আসে অনলাইন অর্ডার থেকে এবং বাকি ৯০ শতাংশই হয় সরাসরি আউটলেটে। কিন্তু অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো রিটার্নে তাদের আউটলেটের বিশাল বিক্রয় হিসাব তো দূরের কথা, কেবল অনলাইনের বিক্রয় তথ্যও সঠিকভাবে উপস্থাপন করেনি।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বার্গার এক্সপ্রেসের প্রতিষ্ঠানটির বনানী, কলাবাগান, মিরপুর, মোহাম্মদপুর ও বেইলি রোড— এই ৫টি শাখায় সব মিলিয়ে ৯৭ লাখ ৮৩ হাজার টাকার বেশি বিক্রয় তথ্য গোপন করা হয়েছে।

এর মধ্যে শুধু বনানী শাখায় ২৯ লাখ ৩৮ হাজার টাকা অনলাইন বিক্রির বিপরীতে রিটার্নে দেখানো হয়েছে মাত্র ২ লাখ ৪২ হাজার টাকা।

পিৎজা বার্গের মিরপুর, উত্তরা, গুলশান-১ সহ ৯টি শাখায় ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৩১ টাকা অনলাইন বিক্রির বিপরীতে দাখিলপত্রে দেখানো হয়েছে ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৪০ টাকা। ফলে প্রতিষ্ঠানটি ৮৪ লাখ ৫ হাজার ৯৯১ টাকার হিসাব গোপন করেছে।

সুলতান’স ডাইনের গুলশান, মিরপুর, সিলেট ও চট্টগ্রাম শাখায় ১ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকার বেশি অনলাইন বিক্রির বিপরীতে রিটার্নে দেখানো হয়েছে ১ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা। এতে ৫০ লাখ ৪ হাজার ৯৭৮ টাকার তথ্য আড়াল করা হয়েছে।

চিলক্সের বনানী, মোহাম্মদপুর ও খিলগাঁও শাখায় মোট ২৬ লাখ ৩ হাজার ৬০১ টাকার বিক্রয় হিসাব গোপন ধরা পড়েছে।

ধানমন্ডির লালবাগ বিরিয়ানি হাউসের (ধানমন্ডি) ১৪ লাখ ৮ হাজার টাকা অনলাইন বিক্রির বিপরীতে রিটার্নে দেখানো হয়েছে মাত্র ১ লাখ ২০ হাজার টাকা, যেখানে ১২ লাখ ৮৮ হাজার ৩৬৭ টাকা গোপন করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, দেশে তিনটি প্ল্যাটফর্ম মিলিয়ে ৬ থেকে ৭ হাজার রেস্তোরাঁ রয়েছে।

মাত্র ২৯টি প্রতিষ্ঠানের এক মাসের হিসাবেই যদি প্রায় ৩ কোটি টাকার তথ্য গোপন পাওয়া যায়, তবে সব প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের হিসাব যাচাই করলে শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি বেরিয়ে আসবে।

এ পরিস্থিতি মোকাবিলায় দেশের সব ভ্যাট কমিশনারকে সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোর গত ৫ বছরের অনলাইন বিক্রির তথ্য সংগ্রহ করে মূল রিটার্নের সঙ্গে মিলিয়ে বকেয়া রাজস্ব আদায়ে ৫ দফা জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন