ভ্যাটের আওতায় আসছে ২৭ হাজার ই-কমার্স ও এফ-কমার্স প্রতিষ্ঠান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম
ছবি: সংগৃহীত
অনলাইন ব্যবসাকে আনুষ্ঠানিক করব্যবস্থার আওতায় আনতে প্রায় ২৭ হাজার ই-কমার্স ও এফ-কমার্স প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব প্রতিষ্ঠানের বেশির ভাগেরই ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই। প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম যাচাই করে প্রয়োজন অনুযায়ী মূল্য সংযোজন কর (ভ্যাট) নিরীক্ষার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এনবিআরের ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য ইতিমধ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তালিকায় বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের পাশাপাশি ফেসবুকভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান বা এফ-কমার্সও রয়েছে।
এ উদ্যোগের সঙ্গে যুক্ত এনবিআরের এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর অধিকাংশেরই বিআইএন নেই। আনুষ্ঠানিকভাবে ব্যবসা পরিচালনার নিয়ম সম্পর্কেও অনেকের স্পষ্ট ধারণা নেই। ফলে এসব ব্যবসার বড় একটি অংশ এখনো আনুষ্ঠানিক অর্থনীতির বাইরে রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, অনেকেই বাসা থেকে ছোট পরিসরে অনলাইন ব্যবসা পরিচালনা করছেন। ব্যবসাকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনার বিষয়ে তাঁদের সচেতনতা ও আগ্রহ তুলনামূলক কম। অনেক প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করাও কঠিন। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভ্যাট কমিশনারেটগুলো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের তথ্য যাচাই করবে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে।
ই-কমার্স ও কুরিয়ার সেবা খাত নিয়ে পরিচালিত গবেষণার ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণায় এ দুই খাত থেকে রাজস্ব আদায়ের বড় সম্ভাবনা রয়েছে বলে উঠে এসেছে।
এনবিআরের ওই কর্মকর্তা বলেন, প্রতিটি অনলাইন ব্যবসার লেনদেনের পরিমাণ ছোট হলেও সব প্রতিষ্ঠানের লেনদেন একত্রে হিসাব করলে তা বড় অঙ্কে দাঁড়ায়। এসব ব্যবসা আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় এলে আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রমের সঠিক হিসাব পাওয়া যাবে। এর ইতিবাচক প্রভাব পড়বে মোট দেশজ উৎপাদনে (জিডিপি)।
এদিকে ২৯টি রেস্তোরাঁর বিক্রির হিসাবে অসংগতি পেয়েছে ভ্যাট প্রশাসন। খাবার সরবরাহকারী প্ল্যাটফর্মগুলোর তথ্যের সঙ্গে রেস্তোরাঁগুলোর ভ্যাট রিটার্নে দেখানো বিক্রির হিসাব মিলিয়ে এ অসংগতি শনাক্ত করা হয়।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের বিক্রির তথ্যের সঙ্গে বাছাই করা রেস্তোরাঁগুলোর ২০২৬ সালের আগস্ট মাসের ভ্যাট রিটার্নের তথ্য তুলনা করে। এতে দেখা যায়, কয়েকটি রেস্তোরাঁ তাদের প্রকৃত বিক্রির তুলনায় কম বিক্রি দেখিয়েছে। খাবার সরবরাহকারী তিনটি প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, এসব রেস্তোরাঁর বিক্রির পরিমাণ ভ্যাট রিটার্নে উল্লেখ করা অঙ্কের চেয়ে অনেক বেশি।