EN ☀️
×

Follow Us

বাণিজ্য

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২৬৪ কারখানায় ছুটি

ডেইলি সান রিপোর্ট, সাভার

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২৬৪ কারখানায় ছুটি

ছবি: সংগৃহীত

অ অ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ তিন দফা দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে সাভার ও আশুলিয়ার ২৬৪টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (২ নভেম্বর) সকালে বিভিন্ন স্থানে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বিকেলে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শ্রমিক অসন্তোষের কারণে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, টানা তৃতীয় দিনের মতো সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তি বন্ধ এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করা।

সকালে বাড়ইপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা সড়কে অবস্থান নেন শ্রমিকেরা। পরে আশুলিয়া থানা পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। অন্যদিকে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে তাঁরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন। 

এ সময় নিট এশিয়া, আল-মুসলিম, ট্রাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় নরসিংহপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

পুলিশ জানায়, কয়েকটি পোশাক কারখানার সামনে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে তাঁদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এ সময় দুই শ্রমিককে আটক করে পুলিশ।

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে শিল্পপুলিশ।

আরও পড়ুন