EN ☀️
×

Follow Us

বাণিজ্য

শীতের সবজি এলেও দামে স্বস্তি নেই রাজধানীতে

রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে শীতের নতুন সবজি। তবে বেশির ভাগের কেজি ১০০ টাকার কাছাকাছি হওয়ায় ক্রেতারা স্বস্তি পাচ্ছেন না

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম

শীতের সবজি এলেও দামে স্বস্তি নেই রাজধানীতে

রাজধানীর বাজারে শীতের নতুন সবজি কিনছেন ক্রেতারা।

অ অ

শীতের নতুন সবজি রাজধানীর বাজারে আসতে শুরু করলেও দামের কারণে স্বস্তি মিলছে না ক্রেতাদের। শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজির কেজি ১০০ টাকার আশপাশে। ব্যবসায়ীরা বলছেন, নতুন পণ্য বাজারে এলে শুরুতে দাম কিছুটা বেশি থাকে।

বাজারে ফুলকপি, বাঁধাকপি ও পটোল কেজিপ্রতি ৬০ টাকা, লাউ ৬০ থেকে ৮০, মুলা ৭০, কচুমুখী ও ঢ্যাঁড়স ৮০ টাকা। ঝিঙা, কাঁকরোল, লম্বা বেগুন ও শিমের কেজি ১০০ টাকা। গোল বেগুন ১২০, গাজর ও কাঁচা মরিচ ১৪০ টাকা। সাধারণ টমেটো ১২০ টাকা, দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকা। তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ৩০ ও মিষ্টিকুমড়া ৪০ টাকায়। জলপাই ৮০ ও নতুন আলু ১৬০ টাকা কেজি।

সবজি ব্যবসায়ী নাঈম বলেন, নতুন আলু উঠতে শুরু করেছে, তাই দাম একটু বেশি। ক্রেতা করিমউল্লাহ বলেন, টেলিভিশনে দেখা যায় পাঁচ টাকায়ও কেউ লাউ কিনছে না, অথচ বাজারে ৭০-৮০ টাকার কমে মিলছে না। তাঁর ভাষ্য, শীতে সবজির দাম কমার কথা থাকলেও এবার চিত্র উল্টো।

মুরগির বাজারে ব্রয়লার ১৯০ টাকা এবং সোনালি ৩১০ থেকে ৩২০ টাকা কেজি। ডজনপ্রতি বাদামি ডিম ১৪০ ও সাদা ডিম ১৩০ টাকা।

মাছের বাজারে পাঙাশ ২৩০, তেলাপিয়া ২৬০, রুই ৩৫০, পাবদা ৪০০, চাষের শিং ৪৫০ ও বায়লা ৫৫০ টাকা কেজি। বড় কাতল ৬০০ থেকে ৮০০, ট্যাংরা ৭০০, আইড় ৭০০ থেকে ১ হাজার ২৫০, বাইন ৯০০ থেকে ১ হাজার ২০০, দেশি শিং ১ হাজার, বড় চিংড়ি ১ হাজার ৪০০ ও সাগরের পাঙাশ ১ হাজার ২০০ টাকা। ৯০০ গ্রামের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ এবং এক কেজির ইলিশ ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ ব্যবসায়ী হোসেন বলেন, সামুদ্রিক মাছ হাজার টাকার নিচে বিক্রি করা যায় না, চাষের মাছও ২০০ টাকার ওপরে। ক্রেতা আজিজুল জানান, মোহাম্মদপুর টাউন হল মার্কেটে দাম কিছুটা বেশি হলেও তাজা মাছ মেলে।

আরও পড়ুন