খাঁটি চীনা খাবার নিয়ে ঢাকায় ‘হাউস অব হান’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীতে যাত্রা শুরু করেছে বিশেষায়িত চীনা রেস্তোরাঁ ‘হাউস অব হান’। চীনা রন্ধন ঐতিহ্য, সুনিপুণ রান্নার কৌশল ও বিলাসবহুল আতিথেয়তার সমন্বয়ে রেস্তোরাঁটি চালু করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মাস্টার চায়নিজ শেফ চেনের নেতৃত্বে রেস্তোরাঁটিতে পরিবেশন করা হবে ঐতিহ্যবাহী চীনা খাবারের নানা পদ। নান্দনিক অন্দরসজ্জা ও আন্তরিক সেবার মাধ্যমে অতিথিদের জন্য স্বতন্ত্র ভোজন অভিজ্ঞতা তৈরির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
হাউস অব হানের মূল ভাবনায় রয়েছে চীনা রান্নার ঐতিহ্য, রন্ধনকৌশল ও চিরায়ত স্বাদের প্রতি শেফ চেনের গভীর অনুরাগ। যত্নের সঙ্গে তৈরি প্রতিটি পদ ও আধুনিক পরিবেশনায় তাঁর নিজস্ব রন্ধনশৈলীর প্রতিফলন ঘটবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রেস্তোরাঁটির অন্যতম আকর্ষণ ‘সিগনেচার ডাক’। খাবারটি প্রস্তুত, নিপুণভাবে কাটা ও পরিবেশনের প্রতিটি ধাপে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রান্নাঘর থেকে খাবার টেবিলে পৌঁছানো পর্যন্ত প্রতিটি পর্যায়ে সূক্ষ্মতা ও মান বজায় রাখার ওপর জোর দিচ্ছে হাউস অব হান।
উদ্বোধনী অনুষ্ঠানে আইএইচজি সাউথওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার বলেন, হাউস অব হান মাস্টার চায়নিজ শেফ চেনের সৃজনশীলতার প্রতিফলন। ঢাকায় বিলাসবহুল পরিবেশে খাঁটি চীনা খাবার পরিবেশন করাই তাঁদের লক্ষ্য। খাবারের স্বাদ ও উপস্থাপনার পাশাপাশি অন্দরসজ্জা এবং সেবার আন্তরিকতার প্রতিও গুরুত্ব দেওয়া হয়েছে।
হাউস অব হানের দর্শন তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠানটির মূল ভাবনা ‘অনেস্ট লাক্সারি’—অর্থাৎ সততা ও যত্নের সমন্বয়ে বিলাসবহুল ভোজন অভিজ্ঞতা নিশ্চিত করা।
মাস্টার চায়নিজ শেফ চেন বলেন, চীনা রন্ধনশৈলীর ভিত্তি হলো ঐতিহ্য, উপকরণের প্রতি শ্রদ্ধা এবং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা রান্নার কৌশল। হাউস অব হানে সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে প্রতিটি পদে নিজস্ব সৃজনশীলতা ও যত্নের ছাপ রাখাই তাঁর লক্ষ্য। অতিথিদের সঙ্গে চীনা রন্ধনশৈলীর স্বাদ ও কারিগরি ভাগ করে নিতে তিনি আগ্রহী বলেও জানান।
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে অবস্থিত রেস্তোরাঁটিতে রয়েছে ১০টি ব্যক্তিগত ডাইনিং রুম। ব্যবসায়িক বৈঠক, পারিবারিক মিলনমেলা ও বিশেষ উদ্যাপনের জন্য এসব কক্ষে ব্যক্তিগত পরিসরে খাবার গ্রহণের সুযোগ রয়েছে। অতিথিদের চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
চীনা রন্ধন ঐতিহ্য, নান্দনিক পরিবেশনা ও ব্যক্তিগত পরিসরে আতিথেয়তার সমন্বয়ে ঢাকার বিলাসবহুল খাবারের আয়োজনে নতুন সংযোজন হয়ে উঠতে চায় ‘হাউস অব হান’।