EN ☀️
×

Follow Us

বাণিজ্য

এনসিটি চুক্তি বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম

এনসিটি চুক্তি বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক

ছবি: ডেইলি সান

অ অ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের দাবিতে আগামী ১৯ অক্টোবর থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন বন্দরের শ্রমিক-কর্মচারীরা।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে গণঅনশন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয় বলে ডেইলি সানকে জানিয়েছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির।

তিনি বলেন, “সরকারকে আমরা এক সপ্তাহ সময় দিয়েছি। ১৮ অক্টোবরের মধ্যে আমাদের সঙ্গে আলোচনায় না বসলে ১৯ অক্টোবর থেকে বন্দরের শ্রমিক-কর্মচারীরা আমরণ অনশনে যাবেন।”

হুমায়ুন কবির আরও বলেন, আলোচনার জন্য সরকারকে বারবার সময় দেওয়া হলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে তাঁরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরেক নেতা মো. ইব্রাহিম খোকন বলেন, “এনসিটির চুক্তিতে কী আছে, তা আমরা জানি না। দেশের জনগণও জানে না। আমরা চাই, সরকার অবিলম্বে এই চুক্তি বাতিল করুক।” 

এর আগে সোমবার বেলা ১১টার পর চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রাঙ্গণে গণঅনশন শুরু করেন শ্রমিক-কর্মচারীরা। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও জাতীয়তাবাদী শ্রমিক দল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ঈসা কাজিম চুক্তিতে সই করেন।

চুক্তি সইয়ের দিন বিকেলেই বন্দর ভবনের মূল প্রবেশপথের কাছে বিক্ষোভ মিছিল থেকে অনশন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

গণঅনশনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সেলিম, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সদস্যসচিব ফজলুল কবীর মিন্টু এবং বাসদ নেতা আল কাদেরী জয়সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

আরও পড়ুন