EN ☀️
×

Follow Us

বাণিজ্য

দুই দিন পর চালু হয়েছে ৩০টি ব্যাংকে বন্ধ কিউ-ক্যাশ সেবা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ এএম

দুই দিন পর চালু হয়েছে ৩০টি ব্যাংকে বন্ধ কিউ-ক্যাশ সেবা

ছবি: সংগৃহীত

অ অ

বন্ধ থাকা ৩০ টি ব্যাংকে কিউ ক্যাশের সব সেবা দুই দিন পর ফের চালু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে প্রতিষ্ঠানটির পরিচালনাকারী সংস্থা আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অ্যাকাউন্টে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে নিশ্চিত করা হয়।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে।’ পোস্টে সকল সদস্য ব্যাংক ও গ্রাহকদের ধৈর্য্য ধরার জন্য ধন্যবাদ দেওয়া হয়।

এছাড়া একাধিক সেবাদানকারী বাণিজ্যিক ব্যাংক এ ব্যাপারে জানিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ব্যাংক এশিয়ার এক ক্ষুদে বার্তায় জানানো হয়, ‘আমাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স এবং কিউআর সেবাগুলো এখন পুরোপুরি সচল রয়েছে। সেবা চালু থাকায় গ্রাহকরা আবার আগের মতো লেনদেন করতে পারবেন।’


রবিবার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম আধুনিকায়ন ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে  কারণে দেশের প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আগামী ১০ অক্টোবর পর্যন্ত সেবা বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

এর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কার্ড লেনদেনসহ কিছু আন্তঃব্যাংক লেনদেন সেবা ব্যাহত হয়। সে সময় বিভিন্ন ব্যাংক থেকে ক্ষুদে বার্তা দিয়ে জানানো হয়েছিল, এসব সেবা আগামী ১০ অক্টোবর দুপুর ১২টার পর স্বাভাবিক হবে।

এরপর বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষ থেকে বন্ধ থাকা সেবা দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে ডেকে পাঠানো হয়।

এ বিষয়ে মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজের জন্য কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকরা ভোগান্তির শিকার হন।

গ্রাহকদের আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ও স্বার্থরক্ষায় বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, যত দ্রুত সম্ভব কিউ-ক্যাশের সুইচিং কার্যক্রম এবং সংশ্লিষ্ট সব কার্ডভিত্তিক সেবা চালু করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এই নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের সব সেবা আবারও পুরোপুরি চালু হলো।

আরও পড়ুন