বিস্ফোরণ-আগুনের ঘটনায় শোক, আহতদের চিকিৎসার দায়িত্বে বিজিএমইএ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের তৈরি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে দুর্ঘটনায় আহত ও দগ্ধ ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, রবিবার সন্ধ্যার এ দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছে সংগঠনটি।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘এই সংকটের মুহূর্তে আহত ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের প্রথম ও প্রধান অগ্রাধিকার।’
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিজিএমইএর একটি বিশেষ ক্রাইসিস রেসপন্স টিম ও প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়। তবে দুর্ঘটনায় কোনো নিয়মিত পোশাকশ্রমিক আহত হননি বলে জানিয়েছে বিজিএমইএ।
আহত ও দগ্ধ ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের চিকিৎসা তদারকিতে বিজিএমইএর একটি মেডিকেল টিম কাজ করছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রীতি গ্রুপ কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় করছে সংগঠনটি।
এ ছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে গ্যাস সিলিন্ডার বা গ্যাসবাহী লরি খালাসের ক্ষেত্রে সম্ভাব্য নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বিজিএমইএ।
দেশের সব তৈরি পোশাক কারখানায় কেমিক্যাল, গ্যাস সিলিন্ডার ও অন্যান্য দাহ্য পদার্থ খালাস, ব্যবস্থাপনা ও সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়ে জরুরি সার্কুলার জারি করা হচ্ছে বলেও জানিয়েছে সংগঠনটি।
বিজিএমইএ বলেছে, শিল্প দুর্ঘটনায় শ্রমিকদের জীবন রক্ষা ও কর্মক্ষেত্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।