মিলানে ‘রেডি টু শো’ মেলায় ১৪ বাংলাদেশি প্রতিষ্ঠান
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম
ইতালির মিলানে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সোর্সিং মেলা ‘রেডি টু শো’।
ইউরোপের অন্যতম বৃহৎ সোর্সিং মেলা ‘রেডি টু শো’ আজ শনিবার ১২ সেপ্টেম্বর ইতালির মিলানে শুরু হয়েছে। মেলাটি চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাস রোম ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের ব্যবস্থাপনায় এই মেলায় অংশ নিচ্ছে দেশের অ্যাপারেল, টেক্সটাইল ও চামড়াখাতের স্বনামধন্য ১৪টি প্রতিষ্ঠান।
বৈশ্বিক পোশাক প্রস্তুতকারক, টেক্সটাইল ও ফ্যাব্রিক সরবরাহকারী, চামড়াজাত পণ্যের সরবরাহকারী, প্রযুক্তিগত উদ্ভাবক, খুচরা বিক্রেতা বা বায়ার, ব্র্যান্ড, ডিজাইনার ও অন্যান্য পেশাদারদের সংযুক্ত করার একটি প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত ‘রেডি টু শো’। এটি ইতালির মিলানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক গার্মেন্টস, টেক্সটাইল ও ফ্যাশন সোর্সিং মেলা, মূলত একটি পেশাদার বা বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বাণিজ্যিক প্রদর্শনী।
এই মেলায় বাংলাদেশের অংশগ্রহণ দেশের রপ্তানি বাজার বহুমুখীকরণ ও সম্প্রসারণ, ভ্যালু-অ্যাডেড তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের প্রচার, আন্তর্জাতিক বায়ারদের আকর্ষণ এবং ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পৃক্ততা জোরদার করার ধারাবাহিক প্রচেষ্টাকে প্রতিফলিত করে।
মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো হলো—রাইনো অ্যাপারেলস, ফোকাস অ্যাপারেলস বিডি, মাসকম কম্পোজিট লিমিটেড, নাইস কম্পোজিট টেক্সটাইল, ইকো হিলিং এক্সেসরিজ, আহাভা কম্পোজিট লিমিটেড, স্পার্টান ফ্যাশন লিমিটেড, ঐলি ফ্যাশন লিমিটেড, মেসার্স হাওলাদার ট্রেডিং, ডে ফ্যাশন লিমিটেড, নিটেক্সপো ইন্টারন্যাশনাল, এশিয়া প্যাসিফিক জোন, চিটাগং ফোর ব্রাদার্স অ্যাপারেলস এবং সিম ফেব্রিকস লিমিটেড।