EN ☀️
×

Follow Us

বাণিজ্য

আইসিসিবিতে চার দিনব্যাপী সুতা, ফেব্রিক ও টেক্সটাইল কেমিক্যাল প্রদর্শনী শুরু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম

আইসিসিবিতে চার দিনব্যাপী সুতা, ফেব্রিক ও টেক্সটাইল কেমিক্যাল প্রদর্শনী শুরু

ছবি: কামরুল ইসলাম রতন

অ অ

রাজধানীতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড অ্যাকসেসরিজ শো ২০২৬’ এবং ‘বাংলাদেশ টেক্সকেম এক্সপো ২০২৬’। আজ বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এ প্রদর্শনীর আয়োজন করেছে। এতে দেশি-বিদেশি ১৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক খাতের জন্য তাদের সর্বশেষ পণ্য ও প্রযুক্তি তুলে ধরছে।

প্রদর্শনীর মাধ্যমে দেশের তৈরি পোশাক প্রস্তুতকারক, রপ্তানিকারক, বায়িং হাউস ও ফেব্রিক প্রসেসররা বিদেশি সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। দেশের মাটিতেই তাঁরা সুতা, ফেব্রিক, অ্যাকসেসরিজ ও টেক্সটাইল কেমিক্যাল সংগ্রহের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিজিএমইএর পরিচালক কাজী মিজানুর রহমান, বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সহসভাপতি মাসুদ আলী খান এবং বাংলাদেশ মার্চেন্ডাইজার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (বিএমএসএ) সভাপতি মেহেদী হাসান ভূঁইয়া।

আয়োজকেরা জানান, পোশাক খাতের উদ্যোক্তাদের সঙ্গে আন্তর্জাতিক সরবরাহকারীদের সরাসরি যোগাযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে দেশে বসেই নতুন প্রযুক্তি, পণ্য ও সরবরাহব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ তৈরি হবে।

এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনসের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, পোশাক খাতের প্রবৃদ্ধি ও মানোন্নয়নে নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী ফেব্রিকের উৎস খুঁজে পাওয়া জরুরি। আন্তর্জাতিক সরবরাহকারীদের দেশীয় রপ্তানিকারকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের প্রদর্শনীর মূল লক্ষ্য।

তিনি বলেন, ভারতের কেমেক্সসিলের একটি বিশেষ প্যাভিলিয়নসহ ‘বাংলাদেশ টেক্সকেম এক্সপো’র সঙ্গে যৌথভাবে এবারের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক সুতা, ফেব্রিক্স অ্যান্ড অ্যাকসেসরিজ শোর এটি ১৩তম সংস্করণ।

প্রদর্শনীতে ওভেন ও নিট পোশাকের বিভিন্ন ধরনের সুতা, ব্লেন্ডেড সুতা ও ফেব্রিক প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে উল ও স্যুটের কাপড়, প্রিন্টেড ফেব্রিক, স্পোর্টস ফেব্রিক ও হোম ফেব্রিক।

এ ছাড়া পোশাকের বিভিন্ন অ্যাকসেসরিজ প্রদর্শিত হচ্ছে। এমব্রয়ডারি ও হট স্ট্যাম্পিংয়ের মতো আধুনিক প্রসেসিং প্রযুক্তিও তুলে ধরা হচ্ছে।

আয়োজকেরা জানান, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস ২০০২ সাল থেকে বাংলাদেশে আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করে আসছে। বৈশ্বিক প্রযুক্তি ও সরবরাহকারীদের স্থানীয় উৎপাদকদের কাছে পৌঁছে দেওয়াই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিল্পের সম্ভাবনা তুলে ধরতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন