পুঁজিবাজার থেকে ১,৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা সিটি গ্রুপের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
দেশের পুঁজিবাজার থেকে সর্বোচ্চ ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করতে যাচ্ছে শিল্পগোষ্ঠীটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি গ্রুপ জানিয়েছে, প্রয়োজনীয় আইনকানুন ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে প্রস্তাবিত অর্থ সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করার আশা করছে তারা।
ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও অর্থায়নের চাহিদা পূরণে অন্যান্য উৎসের পাশাপাশি পুঁজিবাজারকে টেকসই অর্থায়নের একটি মাধ্যম হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিটি গ্রুপ। প্রতিষ্ঠানটির এ উদ্যোগ পুঁজিবাজারে নতুন ইস্যুকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর পাশাপাশি অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানকে বিকল্প অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারে আসতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবিত তহবিল সংগ্রহের জন্য ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসি। তহবিল সংগ্রহে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), প্রাইভেট ইকুইটি, প্রেফারেন্স শেয়ার, করপোরেট বন্ড, সুকুক অথবা অনুমোদিত অন্য কোনো পুঁজিবাজার উপকরণ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
প্রয়োজনীয় বিধিবিধান ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে লংকাবাংলা ইনভেস্টমেন্টস ইস্যু ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট পুঁজিবাজার কার্যক্রমের নেতৃত্ব দেবে।
সিটি গ্রুপ ও লংকাবাংলা ইনভেস্টমেন্টসের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে উপযুক্ত অর্থায়ন কাঠামো তৈরিই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রস্তাবিত লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা ও অবকাঠামো সরবরাহে ব্যাংকিং পার্টনার ও ব্যাংকার টু দ্য ইস্যু হিসেবে লংকাবাংলা ইনভেস্টমেন্টসের সঙ্গে কাজ করবে ওয়ান ব্যাংক পিএলসি।
এ বিষয়ে বৃহস্পতিবার সিটি গ্রুপের করপোরেট প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান, স্পন্সর শেয়ারহোল্ডার ও পরিচালক ফারজানা রহমান এবং শম্পা রহমান। এ ছাড়া লংকাবাংলা ইনভেস্টমেন্টসের পরিচালক ও লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি গ্রুপ পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ভোগ্যপণ্যের অন্যতম শীর্ষ সরবরাহকারী হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।
ভোজ্যতেল, আটা-ময়দা, চিনি, ডাল, চাল, ফিডসহ বিভিন্ন ভোগ্য ও শিল্পপণ্যের ব্যবসার মাধ্যমে দেশের সরবরাহব্যবস্থা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সিটি গ্রুপ।
