EN ☀️
×

Follow Us

বাণিজ্য

বিজিএমইএর মহাসচিব হিসেবে দায়িত্ব নিলেন মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৬:৩২ পিএম

বিজিএমইএর মহাসচিব হিসেবে দায়িত্ব নিলেন মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম
অ অ

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন মহাসচিব (সেক্রেটারি জেনারেল) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম।

বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সামরিক নেতৃত্ব, আন্তর্জাতিক কূটনীতি ও শিক্ষাক্ষেত্রে ৩৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে তার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশটির মর্যাদাপূর্ণ ‘লিজিয়ন অব মেরিট’ পদকে ভূষিত হন।

ড. সাহেদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ বিষয়ে পিএইচডি, এমফিল ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ডিন, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রেজারার ও অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও তিনি দায়িত্ব পালন করেছেন।

বিজিএমইএর নেতারা আশা প্রকাশ করেন, নতুন মহাসচিব তার অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে তৈরি পোশাক খাতের টেকসই প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দায়িত্ব গ্রহণের পর ড. মো. সাহেদুল ইসলাম বলেন, দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বিজিএমইএতে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা, পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে তিনি বিজিএমইএর পরিচালনা পর্ষদ ও উদ্যোক্তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন বলে জানান।

আরও পড়ুন