EN ☀️
×

Follow Us

বাণিজ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক, মিলল নীতিগত সহায়তার আশ্বাস

নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ থেকে শ্রমিক হাসপাতাল—সাত দফা প্রস্তাবনা তুলে ধরল বিজিএমইএ, গঠন হলো উচ্চপর্যায়ের কমিটি

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক, মিলল নীতিগত সহায়তার আশ্বাস

প্রধানমন্ত্রীর দপ্তরে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

অ অ

দেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সংকট নিরসন ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন তিনি। সাক্ষাতে বিজিএমইএ নেতৃবৃন্দ পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ তুলে ধরে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে সাত দফা প্রস্তাবনা পেশ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং উপদেষ্টা মাহদি আমিন। সভায় পণ্য বৈচিত্র্যকরণ, রপ্তানি খাতের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাতে বিজিএমইএ নেতৃবৃন্দ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকতে সমন্বিত শুল্ক-কর, আর্থিক ও রপ্তানি সহায়ক নীতিমালা প্রণয়নের পাশাপাশি সার্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। দেশের তৈরি পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধি ও সুরক্ষা নিশ্চিতে সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে নিম্নলিখিত প্রস্তাবনা পেশ করা হয়-

  • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ: কারখানার উৎপাদন সচল রাখতে ও সময়মতো পণ্য শিপমেন্ট নিশ্চিত করতে গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকারের দাবি জানানো হয়। এ ছাড়া কাস্টমস, ব্যাংকিং, গ্যাস ও বিদ্যুৎসহ যাবতীয় সরকারি সেবা দ্রুত নিষ্পত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি ব্যবস্থা চালুর দাবি জানান বিজিএমইএ নেতৃবৃন্দ।
  • কাস্টমস বন্ড অডিট সহজীকরণ: জাতীয় রাজস্ব বোর্ড বা বন্ড কর্তৃপক্ষের ঘন ঘন অডিটের জটিলতা দূর করতে শীর্ষস্থানীয় পেশাদার অডিট ফার্মের মাধ্যমে বার্ষিক কাস্টমস অডিটের স্থায়ী নীতিমালার প্রস্তাব।
  • বিমানবন্দরে অস্থায়ী কার্গো শেড নির্মাণ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং ধারণক্ষমতার স্বল্পতায় লিড টাইম বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে অস্থায়ী কার্গো শেড নির্মাণের দাবি।
  • গাজীপুরে শ্রমিক হাসপাতালের জন্য জমি বরাদ্দ: দেশের বৃহত্তম পোশাক শিল্প হাব গাজীপুরে লাখো শ্রমিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণে খাস জমি বরাদ্দের আহ্বান।
  • বিএনবিসি সহজীকরণ: কারখানা সম্প্রসারণে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড পরিপালন সহজ করার প্রস্তাব।
  • বেনাপোল বন্দরে লজিস্টিকস সহজীকরণ: সুতা আমদানি সহজ করা ও মিথ্যা ঘোষণা রোধে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর যৌথ সেবাকেন্দ্র স্থাপনের অনুমতি চাওয়া হয়।
  • ‘বাটেক্সপো ২০২৬’ আয়োজন: আগামী নভেম্বরে অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের অনুরোধ জানানো হয়, যাতে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নীতি অনুযায়ী পোশাক খাতে শতভাগ বর্জ্য পুনর্ব্যবহারের (সার্কুলারিটি) অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বিজিএমইএ নেতৃবৃন্দ টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহারে সংগঠনের চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। বিজিএমইএ সভাপতি জানান, ইইউর পরিবেশবান্ধব নীতি পরিপালন ও টেকসই উন্নয়নের মাধ্যমে বিশ্ববাজারে দেশীয় পোশাক শিল্পের অবস্থান সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয় বৃদ্ধিতে পোশাক শিল্পের অবদানের প্রশংসা করেন। তিনি বিজিএমইএ প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং সচল কারখানাগুলোর স্থায়িত্ব নিশ্চিতকরণ, নীতিগত সহায়তা সহজীকরণ এবং বন্ধ কারখানা সচল করতে সরকারের ধারাবাহিক নীতি সহায়তার আশ্বাস দেন।

বৈঠকে উত্থাপিত ইস্যুগুলো পর্যালোচনা ও সমাধানে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী।

বিজিএমইএ প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ১ম সহ-সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং পরিচালকবৃন্দ।

বৈঠকে দেশের শিল্পখাত ও জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নে প্রধানমন্ত্রীর সময়োপযোগী দিকনির্দেশনা, সহযোগিতা ও সদিচ্ছার জন্য বিজিএমইএর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

আরও পড়ুন