বন্ধ কারখানা চালু হলে ১৫ লাখ লোকের কর্মসংস্থান সম্ভব: বিটিএমএ সভাপতি
টেক্সটাইল খাতের সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করল বিটিএমএ প্রতিনিধিদল, নীতিগত সহায়তার আহ্বান
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম
ছবি: সংগৃহীত
দেশের বন্ধ ও অর্ধবন্ধ থাকা টেক্সটাইল কারখানাগুলো সচল করা গেলে দ্রুত প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থান সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
বুধবার (২২ জুলাই) বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। এ সময় দেশের বস্ত্রশিল্পের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে এই খাতের টেকসই উন্নয়ন ও পুনরুজ্জীবনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত সহায়তা কামনা করে প্রতিনিধিদল।
বিটিএমএ সভাপতি সাংবাদিকদের জানান, ‘গ্যাস সরবরাহ বাড়াতে একটি এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) যুক্ত করার পাশাপাশি বিকল্প জ্বালানির বিষয়টিও সরকার বিবেচনা করছে। এসব পদক্ষেপ বাস্তবায়নে ১৫ থেকে ১৮ মাস সময় প্রয়োজন হবে, যা সরকারকে দিতে হবে।‘
শিল্প খাতের আর্থিক ও ব্যাংকিং সমস্যাগুলো সরকারের নজরে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিষয়টি সমাধানে অর্থ ও বাণিজ্যমন্ত্রীকে নিয়ে একটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ইতিমধ্যে রপ্তানিতে ৫ শতাংশ প্রণোদনা ঘোষণা করা হয়েছে, যা রপ্তানি বাড়াতে সহায়ক হবে বলে মনে করেন তিনি।’