২৩ জুলাই থেকে ঢাকায় শুরু ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ ও ‘থাই গুরমে গালা’
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীতে আগামী ২৩ থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ এবং ‘থাই গুরমে গালা’ ভলিউম-৩। প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার গ্র্যান্ড বলরুম ও ক্যাফে বাজার রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে দর্শনার্থীরা থাইল্যান্ডের শীর্ষ ব্র্যান্ডের পণ্য, সংস্কৃতি ও ঐতিহ্যবাহী রন্ধনশৈলীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
সোমবার (২০ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাসের কমার্শিয়াল অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে আয়োজিত ‘টপ থাই ব্র্যান্ডস’-এর এটি ২১তম আসর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে বাংলাদেশে থাইল্যান্ড দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (কমার্শিয়াল) অনুসর্ন কৌতিপভিত্তায়া বলেন, এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সম্প্রসারিত হবে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান থাইল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মেলার উদ্দেশ্য শুধু থাই পণ্য প্রদর্শন নয়, বরং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও টেকসই ও সম্প্রসারিত করা।
আয়োজকরা জানান, এবারের মেলায় থাইল্যান্ডের ৫৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। শীর্ষস্থানীয় থাই কোম্পানির পাশাপাশি তাদের বাংলাদেশি আমদানিকারক ও এজেন্টরাও অংশগ্রহণ করবেন। মেলায় খাদ্য ও পানীয়, স্বাস্থ্যসেবা, ওয়েলনেস, ফ্যাশন, প্রসাধনী, নির্মাণসামগ্রী, কেমিক্যাল, লুব্রিকেন্ট, স্টেশনারি এবং শিশু পরিচর্যাসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শিত হবে।
মেলার অন্যতম আকর্ষণ হবে ‘বিজনেস ম্যাচমেকিং’ সেশন। এতে থাই কোম্পানিগুলো বাংলাদেশি আমদানিকারক, পরিবেশক ও সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সরাসরি বৈঠক করবে। আয়োজকদের প্রত্যাশা, এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে এবং বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী হবে।
ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি মেলায় থাকবে থাই ঐতিহ্যবাহী নৃত্য, মুয়ে থাই (থাই বক্সিং) প্রদর্শনী, ফ্যাশন শো, র্যাফেল ড্রসহ বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন। আগামী ২৩ জুলাই দুপুর ১টায় গ্র্যান্ড বলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকার কথা রয়েছে।
একই সময়ে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের ক্যাফে বাজার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে ‘থাই গুরমে গালা’ ভলিউম-৩। সেখানে অতিথিরা খাঁটি থাই খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি থাই সংস্কৃতির নানা দিক উপভোগ করতে পারবেন।
এবারের ফুড ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন থাইল্যান্ডের চিয়াং মাই থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেলিব্রিটি শেফ ব্রুংতানা নিমনু। বিশ্বের বিভিন্ন দেশে থাই রন্ধনশৈলী তুলে ধরার পাশাপাশি ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে থাই খাবারের বিশেষ আয়োজন পরিচালনার মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন।
উৎসবে অতিথিদের জন্য থাকবে থাই বুফে লাঞ্চ, ব্রাঞ্চ ও ডিনারে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার। নির্বাচিত ব্যাংক কার্ডে ‘ডাইন ৪, পে ১’ পর্যন্ত বিশেষ অফারের পাশাপাশি থাকবে লাইভ থাই লোকনৃত্য, র্যাফেল ড্র, বুফে ব্রাঞ্চের সঙ্গে সুইমিং পুল ব্যবহারের সুযোগ এবং শিশুদের জন্য ‘মেক ইয়োর ওন পিজ্জা’ কার্যক্রম।
আয়োজন সফল করতে সহযোগিতার জন্য বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাস, থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি, মিনিস্টার কাউন্সেলর (কমার্শিয়াল) অনুসর্ন কৌতিপভিত্তায়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাই এয়ারওয়েজ এবং কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডকে ধন্যবাদ জানিয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা।
আয়োজকদের মতে, বাণিজ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সমন্বয়ে এবারের আয়োজন বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।