EN ☀️
×

Follow Us

বাণিজ্য

কর কমলেও বাজারে দাম কমেনি, তদারকিতে ব্যর্থতার অভিযোগ ক্যাবের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:০২ পিএম

কর কমলেও বাজারে দাম কমেনি, তদারকিতে ব্যর্থতার অভিযোগ ক্যাবের
অ অ

সরকার ৬৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানোর উদ্যোগ নিলেও বাজারে তার কোনো সুফল দেখা যায়নি বলে অভিযোগ করেছে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির দাবি, করছাড় কার্যকর হলেও খুচরা বাজারে নিত্যপণ্যের দাম কমেনি; বরং কিছু ক্ষেত্রে উল্টো দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।

রবিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাজেটে ৬৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কোনো নতুন কর আরোপ করা হয়নি। বরং ধান, চাল, গম, আটা, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ বিভিন্ন কৃষিপণ্যের ওপর উৎসে কর ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে। একইভাবে সব ধরনের ভোজ্যতেলের ক্ষেত্রেও উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়।

ক্যাবের সহসভাপতির অভিযোগ, সরকারের প্রত্যাশা ছিল করছাড়ের ফলে আমদানি ও বাজারজাতকরণ ব্যয় কমবে এবং তার প্রভাব খুচরা বাজারেও পড়বে। তবে বাস্তবে সেই সুবিধা ভোক্তারা পাচ্ছেন না। বরং চাল ও সয়াবিন তেলসহ কয়েকটি নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, বাজেট ঘোষণার পর ক্যাব প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছিল। কিন্তু বাস্তব পরিস্থিতিতে ব্যবসায়ীদের একটি অংশ আমদানি ব্যয়ের অজুহাতে পণ্যের দাম কমাতে অনীহা দেখাচ্ছে। অন্যদিকে যেসব পণ্যে শুল্ক বা কর বৃদ্ধি করা হয়েছে, সেগুলোর দামও বাজারে প্রভাব ফেলছে।

এস এম নাজের হোসাইন অভিযোগ করেন, বাজার তদারকিতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর ভূমিকা দুর্বল। ফলে বাজারে একটি অস্থিরতা বিরাজ করছে। অনেক ক্ষেত্রে কার্যকর মনিটরিংয়ের অভাবে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলেও তিনি দাবি করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমদানি করা মসলা ও খেজুরের ওপর ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হলেও তার সুফল এখনও খুচরা বাজারে পুরোপুরি আসেনি। দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, পোস্তদানা, কাজুবাদাম ও কাঠবাদামসহ বিভিন্ন মসলার দাম এখনও ঊর্ধ্বমুখী। খেজুরের বাজারেও কাঙ্ক্ষিত স্বস্তি আসেনি।

ক্যাবের সহসভাপতি বলেন, সরকারের বিভিন্ন পর্যায় থেকে করছাড়ের সুফল ভোক্তাদের কাছে পৌঁছাবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। তবে বাস্তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

তিনি আরও মন্তব্য করেন, কার্যকর বাজার তদারকি নিশ্চিত না হলে ‘জীবনবান্ধব বাজেট’-এর সুফল সাধারণ মানুষ পুরোপুরি পাবে না।

আরও পড়ুন