EN ☀️
×

Follow Us

বাণিজ্য

রপ্তানি উন্নয়ন ব্যুরোতে করাচি চেম্বারের প্রতিনিধিদল, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৫:৪০ পিএম

রপ্তানি উন্নয়ন ব্যুরোতে করাচি চেম্বারের প্রতিনিধিদল, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব
অ অ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) পাকিস্তানের করাচি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) বেলা ১১টায় ইপিবি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় পাকিস্তানের করাচি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাজা’র নেতৃত্বে ১৫ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল অংশ নেয়। সভায় ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় দুই দেশের পারস্পরিক বাণিজ্য ঘাটতি কমিয়ে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বিদ্যমান সম্ভাবনাকে কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাকিস্তান প্রতিনিধিদলের পক্ষ থেকে করাচিতে অনুষ্ঠিতব্য ‘মাই করাচি শো’-তে বাংলাদেশের অংশগ্রহণ, ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা কমানো, জয়েন্ট ইকোনমিক কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন, যৌথ বিনিয়োগ এবং সাপটা (সাউথ এশিয়ান প্রেফারেনশিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট) কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা রয়েছে কি না, সে বিষয়েও জানতে চান। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যসংশ্লিষ্ট প্রতিনিধিদল বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।

ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ পাকিস্তানি প্রতিনিধিদলকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে দুই দেশের পারস্পরিক বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলারের নিচে রয়েছে। ফলে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের পথে যেকোনো ধরনের ট্যারিফ ও নন-ট্যারিফ প্রতিবন্ধকতা দূর করতে হবে। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিরাপদ ও অনুকূল উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগ ও বাণিজ্যসংক্রান্ত সমস্যা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

মোহাম্মদ হাসান আরিফ পাকিস্তানি প্রতিনিধিদলকে বাংলাদেশের পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য আমদানির আহ্বান জানান। একই সঙ্গে কৃষি ও কৃষিজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং এবং বস্ত্রখাতে যৌথভাবে কাজ করলে দুই দেশের ব্যবসায়ীরাই উপকৃত হবেন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন