দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা করে বাড়ানো হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে।
৫ লিটার সয়াবিনের (বোতলজাত) দাম ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের উৎসে মূল্য বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করি আমাদের ভোক্তা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এতে বাজারের সরবরাহ পরিস্থিতিও আগের চেয়ে স্বাভাবিক হবে।
এর আগে ১৮ এপ্রিল ভোক্তাপর্যায়ে দাম বাড়িয়ে জ্বালানি তেল অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিনের নতুন মূল্য নির্ধারণ করে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা হয়েছে।
এর আগে অকটেনের দাম ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা ছিল।
নতুন দাম অনুযায়ী, অকটেন বেড়েছে ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা, ডিজেল ১৫ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বেড়েছে।
যা ১৯ এপ্রিল থেকে নতুন এই দাম কার্যকর হয়।