আইসিসিবিতে ৭ মে শুরু হচ্ছে ‘ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ২০২৬’ আন্তর্জাতিক প্রদর্শনী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ পিএম
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আগামী ৭ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক খাদ্য ও কৃষিবিষয়ক প্রদর্শনী ‘ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ২০২৬’। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)-এর আয়োজনে ৭ থেকে ৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
এ উপলক্ষে সোমবার (২৭ এপ্রিল) সেমস বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘ আট বছরের ধারাবাহিকতায় এ আয়োজন খাদ্য, কৃষি, পোল্ট্রি ও ফুড প্যাকেজিং খাতের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস এবং হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মাহমুদ রীয়াদ হাসান প্রমুখ।
আয়োজকরা জানান, এ প্রদর্শনী খাদ্য ও কৃষি খাতের ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি ‘ওয়ান স্টপ প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে, যেখানে আধুনিক প্রযুক্তি ও বাস্তবভিত্তিক সমাধান উপস্থাপন করা হবে। এর মাধ্যমে বৈশ্বিক জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের পাশাপাশি বাংলাদেশের খাদ্য ও কৃষি খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে ভাবমূর্তি আরও শক্তিশালী হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, একই সঙ্গে আইসিসিবির বিভিন্ন হলে ‘৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’, ‘৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’, ‘৯ম পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক এক্সপো ২০২৬’ এবং ‘৬ষ্ঠ ফুড প্যাক এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে।
এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ ১৫টিরও বেশি দেশের প্রায় ১০০টি কোম্পানি অংশ নেবে। মোট ১৬০টিরও বেশি বুথ থাকবে বলে জানানো হয়।
প্রদর্শনীর পাশাপাশি আন্তর্জাতিক সেমিনার এবং কফিবিষয়ক বিশেষ আয়োজন ‘কফি ফেস্ট’ অনুষ্ঠিত হবে, যেখানে বারিস্তা প্রতিযোগিতাও থাকবে।
সেমস-গ্লোবাল জানায়, প্রতিষ্ঠানটি ১৯৯২ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে ৭৬২টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করেছে। এসব আয়োজনে ৫৫ হাজারের বেশি প্রদর্শক এবং প্রায় ২০ লাখ ব্যবসায়িক দর্শনার্থী অংশ নেন।