EN ☀️
×

Follow Us

বাণিজ্য

নির্বাচিত হলে সততা ও দক্ষতার সমন্বয়ে রিহ্যাব গড়ে তোলার অঙ্গীকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম

নির্বাচিত হলে সততা ও দক্ষতার সমন্বয়ে রিহ্যাব গড়ে তোলার অঙ্গীকার

ছবি: সংগৃহীত

অ অ

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-কে সততা ও দক্ষতার সমন্বয়ে একটি কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার করেছে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ।

বুধবার (১৫ এপ্রিল) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির নেতারা এ অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্রেসিডেন্ট প্রার্থী ও কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল বলেন, কেবল প্রতিশ্রুতি নয়, তাদের ঘোষিত ২৫টি অঙ্গীকার বাস্তবায়নের জন্য সুস্পষ্ট রোডম্যাপও রয়েছে।

আসন্ন ১৮ এপ্রিলের নির্বাচনে পোলিং এজেন্ট না রাখার গুঞ্জন প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এমন নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ড. আলী আফজাল অভিযোগ করেন, ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) আবাসন খাতে বৈষম্য তৈরি করেছে। তিনি বলেন, “এক শহরে ভিন্ন ভিন্ন এলাকায় ভবনের উচ্চতা নির্ধারণে অসামঞ্জস্য রয়েছে। আমরা দায়িত্ব পেলে ড্যাপ পুনর্বিবেচনা করে বৈষম্য দূর করতে সরকারের সঙ্গে কাজ করব।”

তিনি আরও জানান, ব্যাংক ঋণের উচ্চ সুদের হার কমিয়ে এক অঙ্কে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নির্বাচিত হলে ৯০ দিনের মধ্যে রিহ্যাব ভবন নির্মাণকাজ শুরু, সার্ভিস সেন্টার চালু এবং ২৪ ঘণ্টার হটলাইন চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন।

জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি মাসে আয়-ব্যয়ের হিসাব প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “সততা ও দক্ষতার সমন্বয়ে একটি আধুনিক, স্বচ্ছ ও সদস্যবান্ধব রিহ্যাব গড়ে তুলব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট প্রার্থীরা এএফএম ওবায়দুল্লাহ, একেএম বরকতউল্লাহ, মো. শেখ সাদী, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ড. হারুন অর রশিদ এবং পরিচালক প্রার্থী সুলতান মাহমুদসহ অন্যরা।

আরও পড়ুন