বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএর ইফতার আয়োজন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১১:০২ পিএম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক ব্র্যান্ড, কূটনৈতিক প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
রাজধানীর শেরাটন হোটেলে মঙ্গলবার আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান, ব্র্যান্ড প্রতিনিধি, কূটনৈতিক এবং উন্নয়ন সহযোগীদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিজিএমইএ। সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বাংলাদেশ বর্তমানে উন্নয়নের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর দেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, যা ব্যবসায়িক পরিবেশে নতুন আস্থা তৈরি করেছে।
তিনি জানান, আগামী এক দশকে বাংলাদেশের পোশাক খাত ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বর্তমানে দেশে ২৭৫টি লিড সনদপ্রাপ্ত কারখানা রয়েছে, যা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশকে বিশ্বে অগ্রণী অবস্থানে নিয়ে গেছে।
বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক অনিশ্চয়তার সময়ে পারস্পরিক সহযোগিতা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। শিল্পের প্রবৃদ্ধি ও রূপান্তরের পরবর্তী ধাপ বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিবিড় সহযোগিতা অপরিহার্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান। তিনি বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান অবস্থানে পৌঁছাতে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অব্যাহত আস্থা ও অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। টেকসই শিল্প গড়ে তুলতে উন্নয়ন সহযোগীদের নির্দেশনামূলক ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্র্যান্ড প্রতিনিধিদের পক্ষ থেকে এইচঅ্যান্ডএমের কান্ট্রি হেড জিয়াউর রহমান বক্তব্য দেন। তিনি পোশাক শিল্পের নীতিগত চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সঙ্গে কার্যকর সংলাপ ও সমন্বয় বজায় রাখতে বিজিএমইএর প্রতি আহ্বান জানান।
ইফতার মাহফিলে বিজিএমইএর সহ-সভাপতি ভিদিয়া অমৃত খানসহ সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের মধ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জিআইজেড, কেএফডব্লিউ, সলিডারিদাদ নেটওয়ার্ক, ইউনিডো, সাইটসেভারস, আইএফসি, ইউএনডিপি ও ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কূটনৈতিক প্রতিনিধিদের মধ্যে মার্কিন দূতাবাস, পাকিস্তান হাইকমিশন, ডেনিশ দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন, ইরান দূতাবাস এবং কোট্রার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া এইচঅ্যান্ডএম, ডিক্যাথলন, বেস্টসেলার, টেসকো, সিএন্ডএ, ক্যারিফোরসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি এবং দেশের পোশাক শিল্পের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।