EN ☀️
×

Follow Us

বাণিজ্য

রমজানের প্রথম দিনেই চড়া লেবু, শসা ও বেগুনের দাম

লেবু এখন আভিজাত্যের প্রতীক, এক পিসেই পকেট ফাঁকা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম

রমজানের প্রথম দিনেই চড়া লেবু, শসা ও বেগুনের দাম

ছবি: সংগৃহীত

অ অ

পবিত্র রমজান মাসের প্রথম দিনেই রাজধানীর কাঁচাবাজারে যেন আগুন লেগেছে। ইফতারের অপরিহার্য অনুষঙ্গ লেবু, শসা আর বেগুনের দাম আকাশছোঁয়া। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, একটি বড় আকারের লেবুর দামে এখন এক হালি ডিম পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে দ্রব্যমূল্যের এই  চিত্র দেখা গেছে।

বাজারে এখন মোটামুটি মানের প্রতিটি লেবুর দাম কমপক্ষে ২০ টাকা। আর আকারে বড় একটি ভালো মানের লেবু বিক্রি হচ্ছে ৪০ টাকায়। অর্থাৎ, ৪০ টাকায় যেখানে এক হালি ডিম পাওয়া যাচ্ছে, সেখানে মাত্র একটি লেবু কিনতে ক্রেতার পকেট থেকে সমপরিমাণ টাকা খসছে। কৃষি মার্কেটে বড় লেবুর হালি ১০০ থেকে ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। টাউন হল বাজারে কোনো কোনো বিক্রেতা এক হালি লেবুর দাম হাঁকাচ্ছেন ২০০ টাকা পর্যন্ত।

রোজার প্রথম দিনেই ইফতারের প্রধান সবজি শসা ও বেগুনের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বাজারভেদে প্রতি কেজি শসা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা টাউন হল বাজারে ২০০ টাকা পর্যন্ত পৌঁছাতে দেখা গেছে। পিছিয়ে নেই বেগুনও; প্রতি কেজি বেগুন কিনতে ক্রেতাকে খরচ করতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। দুই সপ্তাহ আগেও ৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া শসা ও বেগুনের এই আকস্মিক মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারেই লেবু ও সবজির দাম বেশি। কৃষি মার্কেটের সবজি বিক্রেতা আব্বাস আকন্দ জানান, কারওয়ান বাজার থেকে প্রতিটি লেবু সাড়ে ২৭ টাকা পাইকারি দরে কিনেছেন তিনি। এর সাথে পরিবহন খরচ ও দোকান ভাড়া যোগ করে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, রোজাকে পুঁজি করে অসাধু সিন্ডিকেট বাড়তি চাহিদা তৈরি করে দাম বাড়িয়ে দিয়েছে।

কেবল সবজিই নয়, গত দুই সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়ে এখন ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ও গাজরের দামও কেজিতে বেড়েছে অন্তত ১০ টাকা। তবে কিছুটা স্বস্তির খবর মিলেছে মাংসের বাজারে। গতকাল ২০০ টাকা ছাড়ানো ব্রয়লার মুরগি আজ ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও সোনালি মুরগি আগের মতোই ৩২০-৩৫০ টাকা কেজিতে স্থির রয়েছে।

মোহাম্মদপুরের বাসিন্দা শামসুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রোজা এলে দাম বাড়ানোটা এ দেশে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দুই সপ্তাহ আগে ১২০ টাকায় এক ডজন লেবু কিনেছি, আর আজ এক হালি লেবুর দাম চাইছে ১২০ টাকা। এভাবে সাধারণ মানুষ রোজা রাখবে কীভাবে?’

ব্যবসায়ীদের মতে, রোজার শুরুর কয়েক দিন শৌখিন ক্রেতারা বেশি পরিমাণে পণ্য কেনায় বাজারে বাড়তি চাহিদা তৈরি হয়। তবে কয়েক দিন গেলে চাহিদা কমে আসার সাথে সাথে দামও কিছুটা কমতে পারে বলে তারা আশা করছেন।

আরও পড়ুন