আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম ‘কারা প্যাভিলিয়ন’
বন্দীদের উৎপাদিত পণ্য দিয়ে সাজানো এ প্যাভিলিয়নটি মেলায় দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ কেড়ে নেয়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম
৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬ এ সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ জেল অধিদপ্তরের কারা প্যাভিলিয়ন। বন্দীদের উৎপাদিত পণ্য দিয়ে সাজানো এ প্যাভিলিয়নটি মেলায় দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ কেড়ে নেয়।
মেলায় দেশের ৩৮টি কারাগারের বন্দীদের তৈরি ৪০২ ধরনের পণ্য নিয়ে সাজানো হয় কারা প্যাভিলিয়ন। এসব পণ্যের মধ্যে ছিল হস্ত ও কারুশিল্প, আসবাব, পোশাকসহ নানা ব্যবহারিক সামগ্রী। মেলা চলাকালে কারা প্যাভিলিয়ন থেকে মোট ৭০ লাখ ২৮ হাজার ৭০৩ টাকার পণ্য বিক্রি হয়, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক বাণিজ্য মেলা কর্তৃপক্ষ জানায়, বন্দীদের হাতের তৈরি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় পণ্যের প্রদর্শন, পাশাপাশি সুশৃঙ্খল ও সুবিন্যস্ত অবকাঠামো ব্যবস্থাপনার জন্য সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে কারা প্যাভিলিয়নকে এ পুরস্কার দেওয়া হয়।
মেলার সমাপনী অনুষ্ঠানে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তার হাত থেকে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. মেছবাহুল আলম সেলিম (পিএসসি, জি) বাংলাদেশ জেল প্যাভিলিয়নের পক্ষে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উৎপাদন) এ কে এম মাসুম, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার আল মামুনসহ কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।