ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবে না যেসব অ্যাকাউন্ট
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় ও সাইবার প্রতারণা শনাক্ত করতে ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের ওপর গুরুত্ব দিচ্ছে ফেসবুক। এ জন্য বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দেওয়ার উদ্যোগ নিয়েছে মেটা। তবে এই সুবিধা সব অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হবে না।
নতুন এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে নিজের সেলফি ভিডিও জমা দিয়ে পরিচয় যাচাই করতে হবে। ফেসবুক ওই ভিডিওর সঙ্গে অ্যাকাউন্টের ছবি ও তথ্য মিলিয়ে পরিচয় নিশ্চিত করার চেষ্টা করবে।
যেসব শর্ত পূরণ করতে হবে
বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে সচল থাকতে হবে।
আগে প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার বা সন্দেহজনক কর্মকাণ্ডের ইতিহাস থাকলে ব্যাজ পাওয়ার সুযোগ নাও থাকতে পারে। এ ছাড়া ফেসবুক পেজ ও প্রফেশনাল মোডে থাকা অ্যাকাউন্টের জন্য এই সুবিধা প্রযোজ্য নয়।
সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ায় সফল হতে হবে। যাচাই সম্পন্ন হলে ব্যবহারকারীর প্রোফাইলের পাশাপাশি মার্কেটপ্লেস, বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ফেসবুক ডেটিংয়েও ব্যাজটি দেখা যেতে পারে।
মেটার ভাষ্য অনুযায়ী, এই ব্যাজ শুধু ব্যবহারকারী বাস্তব ব্যক্তি কি না, তা যাচাইয়ের প্রমাণ হিসেবে কাজ করবে। এর অর্থ এই নয় যে ওই ব্যক্তি সম্পূর্ণ বিশ্বাসযোগ্য বা তার আচরণ নিরাপদ। তাই অনলাইনে লেনদেন, তথ্য আদান-প্রদান কিংবা ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বর্তমানে বিশ্বের নির্বাচিত কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ সুবিধা চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।