EN ☀️
×

Follow Us

খেলা

৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের

ডেইলি সান রিপোর্ট, সিলেট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের
অ অ

আগামী জানুয়ারি থেকে দেশের ৬৪টি জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার চালু করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ক্যালেন্ডারের আওতায় ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

আমিনুল হক বলেন, আগামী জানুয়ারি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে। এতে বিভিন্ন খেলার প্রতিযোগিতার সময়সূচি নির্ধারণ করা থাকবে। এর মাধ্যমে সারা বছর মাঠে খেলাধুলার পরিবেশ বজায় রাখার পাশাপাশি একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা সম্ভব হবে।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের যে হাওয়া লেগেছে, সিলেটের এই ফুটবল আয়োজন তারই প্রমাণ। নিজের স্মৃতিচারণ করে তিনি জানান, ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই তাঁর ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল। এ কারণে সিলেটের প্রতি তাঁর আলাদা ভালোবাসা রয়েছে। এ সময় একসময় তাঁর সঙ্গে খেলা গোলকিপার নাচনের কথাও স্মরণ করেন তিনি।

বর্তমান সরকারের ৯ মাস পূর্তির প্রসঙ্গ তুলে আমিনুল হক আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে বাংলাদেশ শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকবে না, বরং পদকের জন্য লড়াই করবে। এ লক্ষ্য অর্জনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সিলেটের জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করতে জেলা প্রশাসকের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে জেলা ক্রীড়া সংস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় গ্যালারিতে উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সুন্দর সূচনা ও সফল সমাপ্তি কামনা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

আরও পড়ুন