টেস্টে এক ইনিংসে ৫০০ রান করবেন বৈভব, পিটারসেনের ভবিষ্যদ্বাণী
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ এএম
বৈভব সূর্যবংশীর
টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৫০০ রান করার সামর্থ্য আছে ভারতের উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশীর। আগামী পাঁচ বছরের মধ্যেই এই তরুণ ব্যাটার এমন কীর্তি গড়বেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পিটারসেন লিখেছেন, ‘একটা কথা বলে রাখি—আগামী পাঁচ বছরের মধ্যে বৈভব টেস্ট ম্যাচে ৫০০ রান করবে!’
সম্প্রতি ব্যাট হাতে রেকর্ড গড়ে আলোচনায় এসেছেন বৈভব। দোহায় এসিসি মেনস রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৫৩ বলে ২০৪ রান করেন তিনি। ইনিংসে ২৮টি ছক্কা ও ৭টি চার মারেন এই বাঁহাতি ব্যাটার। ৩৮৪ দশমিক ৯০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।
ওই ইনিংসের পরও বৈভবের প্রশংসা করেছিলেন পিটারসেন। ২৪ নভেম্বর এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, পেশাদার ক্যারিয়ারের শুরুতেই একের পর এক রেকর্ড গড়া অসাধারণ ব্যাপার। অনেক ক্রিকেটার পুরো ক্যারিয়ারেও যা করতে পারেন না, বৈভব তা করে দেখাচ্ছেন বলেও মন্তব্য করেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।
এবার বৈভবকে নিয়ে আরও বড় ভবিষ্যদ্বাণী করলেন পিটারসেন। কারণ, টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ব্যাটার এক ইনিংসে ৫০০ রান করতে পারেননি।