EN ☀️
×

Follow Us

খেলা

চুলে রং করায় সমালোচনা, জবাব দিলেন নেইমার

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

চুলে রং করায় সমালোচনা, জবাব দিলেন নেইমার

ছবি: সংগৃহীত

অ অ

ফুটবলারদের চুলের কাট ও রং নিয়ে নতুনত্বের প্রবণতা বেশ পুরোনো। তবে চুল ব্লিচ করে মাঠে নামায় এবার সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ও তাঁর সান্তোসের সতীর্থরা। গ্রেমিওর কাছে হারের পর সমালোচকদের কড়া জবাব দিয়েছেন নেইমার।

গ্রেমিওর বিপক্ষে ম্যাচের আগে চুল ব্লিচ করে মাঠে নামেন নেইমার। একইভাবে চুলের রং পরিবর্তন করেন তাঁর সতীর্থ গাবিগোল, কৌতিনিয়ো, রোদিনেই ও আর্থার। ম্যাচ শেষে মিক্সড জোনে এক সাংবাদিক নেইমারকে প্রশ্ন করেন, চুলের এমন স্টাইল অহংকারের বহিঃপ্রকাশ কি না। এ প্রশ্নে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ান সাবেক বার্সেলোনা তারকা।

নেইমার বলেন, ‘কে এসব কথা বলেছে? তারা সম্পূর্ণ ভুল। চুল কিছুই বদলায় না। আমি চুলে রং করিয়েছি, কিন্তু এর কোনো প্রভাব পড়েনি। সবাই চুলে রং করেছে। ফুটবলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনারা তো দেখেছেন, আমরা ভালো খেলেছি। তাদের ভুলভাবে পেনাল্টি দেওয়া হয়েছিল।’

চুলে রং করার কারণে মাঠের পারফরম্যান্সে প্রভাব পড়ে—এমন মন্তব্যকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘এ ধরনের কথা যারা বলে, তারা ফুটবল বোঝে না। তারা আমাদের দৈনন্দিন জীবন সম্পর্কে জানে না। আমরা কী ভাবছি, সেটাও তাদের জানা নেই। নিজেদের ব্যাপারে আমরা কতটা কঠোর, তা-ও তারা জানে না।’

তবে এসব সমালোচনায় গুরুত্ব দিতে চান না নেইমার। তিনি বলেন, ‘আমরা জানি, এ ধরনের মন্তব্য আসতেই থাকবে। কিন্তু এসব কথা তারাই বলে, যারা ফুটবল বোঝে না। এটা স্বাভাবিক। চুলে রং করলে কিছুই বদলায় না। আমরা ভালো খেলেছি। আজ আমাদের শুধু ফিনিশিং টাচ ও গোলের অভাব ছিল। আমি চুল হলুদ, গোলাপি কিংবা সবুজ করতে পারি, তবু প্রতিটি ম্যাচে ভালো খেলব।’

ম্যাচে সান্তোস ৭১ শতাংশ বলের দখল রেখেছিল। গোলের উদ্দেশ্যে গ্রেমিওর চেয়ে বেশি শটও নেয় তারা। তবে সেসব শট থেকে বড় কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি দলটি।

ম্যাচের ১৪ মিনিটে আমুজুর গোলে পিছিয়ে পড়ে সান্তোস। এরপর ৭৭ মিনিটে মার্টিন ব্র্যাথওয়েটের গোলে তাদের ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায়।

আরও পড়ুন