সেঞ্চুরিয়নে ৯১ রানে অলআউট বাংলাদেশ, লজ্জার রেকর্ড
খেলা ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম
সেঞ্চুরিয়নে ব্যাটিং ব্যর্থতায় ৯১ রানে অলআউট বাংলাদেশ।
সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার চরম নজির গড়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে মাত্র ৩৩.৩ ওভারে ৯১ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। সুপারস্পোর্ট পার্কে প্রথম ইনিংসে এটিই সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন তিনটি করে উইকেট নেন। আইনরিখ নরকিয়া নেন দুটি। একটি করে উইকেট পান ভিয়ান মুল্ডার ও সাইমন হারমার।
বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া দ্বিতীয় সেশনে শুরু থেকেই বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে ইয়ানসেনের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন আগের টেস্টে ফিফটি করা তানজিদ তামিম। তিনি করেন ৩ রান।
অন্য ওপেনার মাহফিজুল ইসলাম রবিন শুরুতে আত্মবিশ্বাসী ছিলেন। চারটি বাউন্ডারিতে ২৩ রান করেন তিনি। ১৪তম ওভারে নরকিয়ার ঘণ্টায় ১৪৩ কিলোমিটার গতির বল ব্যাট-প্যাডের ফাঁক গলে স্টাম্পে আঘাত করলে তাঁর ইনিংস শেষ হয়। বাংলাদেশের ইনিংসে এটিই ছিল সবচেয়ে দ্রুতগতির ডেলিভারি।
ওই ওভারেই আরও বড় ধাক্কা খায় দল। প্রথম বলে চার মেরে শুরু করলেও পরের বলে ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতির ফুলার লেংথের ডেলিভারিতে বোল্ড হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪৪ রানে তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
এরপর দলের হাল ধরার চেষ্টা করেন মুমিনুল হক ও তাওহীদ হৃদয়। ৫১ বলের অস্বস্তিকর ইনিংসে ১৮ রান করে মুল্ডারের বল নিজের স্টাম্পে টেনে আনেন মুমিনুল। প্রথম টেস্টেও তিনি প্রায় একইভাবে আউট হয়েছিলেন। লিটন দাস ১৬ বলে ৮ রান করে ইয়ানসেনের শর্ট অব লেংথের বলে গালিতে ক্যাচ দেন। ঝাঁপিয়ে ক্যাচটি নেন জুবাইর হামজা। তখন বাংলাদেশের রান ৭৩, উইকেট পাঁচটি।
হৃদয় পাল্টা আক্রমণের চেষ্টা করেন। ২৭তম ওভারে হারমারের প্রথম পাঁচ বলে তোলেন ১২ রান। তবে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে ক্রিজ ছেড়ে এগিয়ে এসে লেংথ বুঝতে ভুল করেন তিনি। ব্যাটের বাইরের কানা লেগে বল যায় স্লিপে। ১৯ রানে থাকা হৃদয়ের ক্যাচ নেন এইডেন মারক্রাম। ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরেই ধস নামে। দ্বিতীয় ওভারে রাবাদার শিকার হন শরিফুল (২)। এক ওভার পর রাবাদার বলে এলবিডব্লিউ হন জাকের আলী (১)। ৯০ রানে পড়ে অষ্টম উইকেট। আরেক ওভার পর রাবাদা ফেরান তাসকিন আহমেদকে (২)। শেষ উইকেট হিসেবে খালেদ আহমেদকে তুলে নেন ইয়ানসেন। চা-বিরতির পর মাত্র ৬ রানে বাকি ৪ উইকেট হারায় বাংলাদেশ।