EN ☀️
×

Follow Us

খেলা

যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পরও কাতারে পর্দা উঠলো ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পরও কাতারে পর্দা উঠলো ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের
অ অ

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের পরও ৪৮টি দলের অংশগ্রহণে কাতারে শুরু হয়েছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একযোগে দুটি ম্যাচের মধ্য দিয়ে যুব ফুটবলের এই বৈশ্বিক আসরের পর্দা উঠেছে।

কাতারের নিরাপত্তা নিয়ে ওঠা উদ্বেগ ফিফা নাকচ করে দেওয়ার পর এ টুর্নামেন্ট শুরু হয়েছে। ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশটিতে আগামী ২৪ দিন ধরে এই টুর্নামেন্ট চলবে। 

নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে গত বৃহস্পতিবার মার্কিন ফুটবল ফেডারেশন (ইউএস সকার) তাদের জাতীয় দল প্রত্যাহার করে নেয়। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সে সময় জানিয়েছিল, টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসছে না।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে গত জুলাই মাসের পর কাতারে আর কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি।

যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে ফিফা জানায়, ‘‘সকল অংশগ্রহণকারী এবং দর্শকদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। ফিফার অন্যান্য সব টুর্নামেন্ট ও ইভেন্টের মতোই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি এবং কাতারে টুর্নামেন্টটি শুরু হওয়ার অপেক্ষায় আছি।’’

বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘‘সাম্প্রতিক মাসগুলোতে কাতার সফলভাবে বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করেছে।’’

গত দুই সপ্তাহে কাতার দুটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে। গত ৮ নভেম্বর দেশটিতে সফলভাবে মটোজিপি-এর ‘কাতার গ্রাঁ প্রি’ অনুষ্ঠিত হয় এবং একই দিনে শেষ হয় ‘এফআইপি প্যাডেল বিশ্বকাপ ২০২৬।’

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচগুলো কাতারের কেন্দ্রীয় ক্রীড়াকেন্দ্র ‘অ্যাস্পায়ার জোন’র কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। আর আগামী ১৩ ডিসেম্বর ফাইনাল ম্যাচটি গড়াবে ২০২২ ফিফা বিশ্বকাপের অন্যতম ভেন্যু আহমদ বিন আলি স্টেডিয়ামে।

আরও পড়ুন