EN ☀️
×

Follow Us

খেলা

নো বল-ক্যাচ মিসেই হারল বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

নো বল-ক্যাচ মিসেই হারল বাংলাদেশ
অ অ

প্রথম ইনিংসে ৪০০ রানের পুঁজি গড়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে বিশ্বের অন্যতম সেরা দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সামান্য ভুলেরও যে বড় মূল্য দিতে হয়, জোহানেসবার্গ টেস্টে তা আবারও টের পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ গড়লেও বোলিংয়ের ভুল, অতিরিক্ত নো বল এবং ক্যাচ মিসের খেসারত দিয়ে স্বাগতিকদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠেও ঝরেছে সেই আক্ষেপ। হারের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমার মনে হয়, বিশ্বের সেরা দলের বিপক্ষে খুব বেশি ভুল করার সুযোগ নেই, বিশেষ করে বোলিংয়ের ক্ষেত্রে। আমরা অনেকগুলো নো-বল করেছি এবং ক্যাচও ফেলেছি। আমার বিশ্বাস, এই ভুলগুলোর কারণেই আমরা ম্যাচটি হেরেছি। এমন ভুল হতেই পারে, কিন্তু বিশ্বের সেরা দলের বিপক্ষে খেললে এমন ভুল করা চলবে না।’

ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ৫ উইকেটে ১০০ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে বাংলাদেশ। ক্রিজে থাকা লিটন দাস ও মুশফিকুর রহিমের জুটিতে টেস্ট ক্রিকেটে দুই হাজার রানের মাইলফলক পূর্ণ হলেও তাদের প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ব্যক্তিগত ৩৯ রান করে কাগিসো রাবাদার বলে বোল্ড হন লিটন।

এরপর মুশফিক ২২ রান করে স্পিনার সাইমন হার্মারের শিকার হলে দ্রুত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মেহেদী হাসান মিরাজ ১৫ রান করে স্টাম্পড হন। শেষ দিকে টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘটান হার্মার। ১৬৮ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকার সামনে মাত্র ১২ রানের সহজ লক্ষ্য দাঁড় করায় সফরকারীরা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মার্কাস অ্যাকারম্যানকে শূন্য রানে ফিরিয়েছিলেন মিরাজ। এরপর এবাদত হোসেনের বলে এইডেন মারক্রাম আউট হলেও নো বলের কারণে জীবন পান। এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি প্রোটিয়া ব্যাটাররা। মাত্র ৯ বলেই ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

দলের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে শান্ত বলেন, ‘আমাদের ব্যাটিংয়ে আরও ইতিবাচক হতে হবে। শুধু রানের কথা ভাবলে হবে না। নতুন বল সামলাতে পারলে পরের দিকে ব্যাট করা সহজ হয়ে যায়।’

এ ছাড়া ছন্দে থাকা শরিফুল ইসলামকে বসিয়ে এবাদত হোসেনকে একাদশে রাখার বোলিং পরিকল্পনা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন টাইগার অধিনায়ক। শান্ত বলেন, ‘তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ নতুন বলে বল করে। শরিফুলও প্রায় একই ঘরানার বোলার। তাই এমন কাউকে দরকার ছিল যে মাঝখানের ওভারগুলোতে গতি দিয়ে বল করতে পারবে। এ কারণেই এবাদতকে নেওয়া। পাশাপাশি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টিও ছিল।’

আরও পড়ুন