EN ☀️
×

Follow Us

খেলা

২০২৭ সালের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ

আনভীর ক্রিকেট স্টেডিয়াম ঘুরে সন্তুষ্ট ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

আনভীর ক্রিকেট স্টেডিয়াম ঘুরে সন্তুষ্ট ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদল

‘আনভীর ক্রিকেট স্টেডিয়াম’ পরিদর্শন করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল। ছবি: ডেইলি সান

অ অ

আগামী বছর ২০২৭ সালের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। মূল সিরিজ শুরুর আগে সফরকারীদের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। এর সম্ভাব্য ভেন্যু হিসেবে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এবিজি স্পোর্টস সিটির ‘আনভীর ক্রিকেট স্টেডিয়াম’ পরিদর্শন করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

মাঠের অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা ঘুরে দেখে প্রতিনিধি দলটি দারুণ সন্তুষ্টি প্রকাশ করেছে।

পরিদর্শনকালে ইসিবির কর্মকর্তারা মূল মাঠের পাশাপাশি স্টেডিয়ামের ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, অত্যাধুনিক জিম, সুইমিংপুলসহ সামগ্রিক অবকাঠামো ঘুরে দেখেন।

এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন এবং এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।

পরিদর্শন শেষে ইসিবির প্রতিনিধিরা সরাসরি গণমাধ্যমের মুখোমুখি না হলেও, তাঁদের ইতিবাচক মনোভাবের কথা তুলে ধরেন বিসিবির ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন।

তিনি বলেন, ‘‘২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে। তাদের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের জন্য আমরা ইসিবি কর্মকর্তাদের এই মাঠটি দেখিয়েছি। বসুন্ধরার সুযোগ-সুবিধা অসাধারণ। মাঠ, ড্রেসিংরুম, সম্প্রচার, মিডিয়া, মেডিকেল, দর্শকদের সুবিধা এবং সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা— সবকিছুই তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন এবং দেখে রীতিমতো অভিভূত হয়েছেন।’’

ইংল্যান্ডের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়ায় দারুণ আশাবাদী এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।

তিনি জানান, ‘‘প্রতিনিধি দল এখানকার সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেছে। ফিরে গিয়ে তারা হয়তো নিজেদের বোর্ডকে বিস্তারিত জানিয়ে একটি প্রতিবেদন দেবে। তাদের সঙ্গে কথা বলে বুঝেছি, এখানকার পরিবেশ ও সুবিধাদি নিয়ে তারা উচ্ছ্বসিত প্রশংসা করেছে। আমরা শতভাগ আশাবাদী যে, নির্দিষ্ট সময়ে ইংল্যান্ড দল এখানে প্রস্তুতি ম্যাচ খেলবে।’’

আসন্ন এই সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও বাংলাদেশ সফরে এসে এই আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। সবকিছু ঠিক থাকলে, ইংল্যান্ডের এই প্রস্তুতি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নিজেদের বিশ্বমানের সক্ষমতা তুলে ধরার আরও একটি বড় সুযোগ পাবে এবিজি স্পোর্টস সিটি।

আরও পড়ুন