EN ☀️
×

Follow Us

খেলা

দ্বিতীয়বারের মতো আইসিসি চেয়ারম্যান নির্বাচিত জয় শাহ

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

দ্বিতীয়বারের মতো আইসিসি চেয়ারম্যান নির্বাচিত জয় শাহ
অ অ

বালিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সংস্থাটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। বোর্ড পরিচালকদের প্রস্তাবের পর তাকে পুনর্নির্বাচিত ঘোষণা করা হয়।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে জয় শাহের নেতৃত্বের প্রতি বোর্ডের আস্থা এবং ক্রিকেটের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার, দর্শক-সমর্থক বাড়ানো এবং খেলাটির বাণিজ্যিক উন্নয়নকে সামনে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে চায় আইসিসি।

পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি সম্মানিত। প্রত্যেক পরিচালকের অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন একই সঙ্গে বিশেষ সুযোগ ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্যদের সঙ্গে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘আমরা ক্রিকেটের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছি। লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকদের কাছে খেলাটিকে পরিচিত করার এবং খেলোয়াড় ও ভক্তদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার দারুণ সুযোগ।’

জয় শাহ বলেন, ‘সফল ইভেন্ট আয়োজনের বাইরেও আমাদের দায়িত্ব অনেক বিস্তৃত। ভক্ত, অ্যাথলেট, বাণিজ্যিক অংশীদারসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের কথা বিবেচনায় রেখে ক্রিকেটের জন্য আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’

তার ভাষ্য, ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি হলো মানুষকে একত্র করার ক্ষমতা। বোর্ড ও সদস্যদের সমর্থনে এখন লক্ষ্য থাকবে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা এবং অর্জিত অগ্রগতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী করা।

আরও পড়ুন