২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ এএম
ছবি: সংগৃহীত
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদিত সূচিতে এ তথ্য জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত এক সভায় ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর সময়সূচি অনুমোদন করেছে সংস্থাটি।
আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। টুর্নামেন্টটি ৭ অক্টোবর শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত। পরের আসর ২০২৯ সালে নয়, ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হবে। ওই আসর ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বরের মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সূচিতে আরও রয়েছে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, যা আয়োজন করবে ভারত। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০৩৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে।
এ ছাড়া ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। তবে ২০৩৩ সালের ফাইনাল কোথায় হবে, তা এখনো জানায়নি আইসিসি। ২০৩৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০৩৫ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও ঘোষিত সূচিতে রয়েছে।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, সংস্থাটির টুর্নামেন্ট ও সময়সূচি ক্রিকেটের বৈশ্বিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। এসব আয়োজন ক্রিকেটে প্রতিযোগিতা ও অংশগ্রহণের সুযোগ বাড়ায়। পাশাপাশি খেলোয়াড়দের উন্নয়ন এবং সদস্য দেশগুলোর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সহায়তা করে।
তিনি আরও বলেন, আগেভাগে টুর্নামেন্টের সূচি জানানো হলে খেলোয়াড় ও সদস্য দেশগুলো প্রস্তুতির জন্য প্রয়োজনীয় পরিকল্পনা করতে পারবে। এতে খেলোয়াড়দের উন্নয়নের পথ তৈরি হবে এবং ক্রিকেটের জন্য আরও সুসংগঠিত ক্যালেন্ডার গড়ে উঠবে।