এবিজি ইউনিভার্সিটি কাপের চ্যাম্পিয়ন ইউল্যাব
ফারহান জানির ১০৯ রানের ঝোড়ো সেঞ্চুরিতে ২০৫ রানের পাহাড় গড়ে ইউল্যাব, জবাবে ১৫২ রানে থামে সোনারগাঁও
খেলা ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম
এবিজি ইউনিভার্সিটি কাপ জিতে উদযাপনে ইউল্যাব দল। ছবি: সংগৃহীত
সোনারগাঁও ইউনিভার্সিটিকে ৫৩ রানে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। শুক্রবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে দাপুটে জয়ে শিরোপা ঘরে তোলে তারা। ফারহান জানির সেঞ্চুরিতে ভর করে প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ গড়ে ইউল্যাব, পরে বোলারদের দাপটে জয় নিশ্চিত হয়।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২০৫ রান করে ইউল্যাব। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত বিধ্বংসী ব্যাটিং করেন ফারহান। সোনারগাঁওয়ের বোলারদের নির্দয়ভাবে পিটিয়ে ১১টি ছক্কা ও ৩টি চারে ১৭৮.৬৯ স্ট্রাইকরেটে ১০৯ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে অধিনায়ক শাবাব জামিল ফেরদৌসের ব্যাট থেকে।
২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধস নামে সোনারগাঁওয়ের ইনিংসে। আরিফুর রহমান ও শরীফুল ইসলামের বোলিং তোপে দলীয় ৩৩ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। পরে ইয়াসিন ভূঁইয়া ও আসিফ হাসানের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত ১৫২ রানে থামে দলটি। ইয়াসিন সর্বোচ্চ ৪৮ ও আসিফ ২৯ রান করেন।
ইউল্যাবের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন আরিফুর। শরীফুল নেন ৩ উইকেট।