এবার অভিনেতা হিসেবে টিভি সিরিজে রোনালদো
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ এএম
ক্রিশ্চিয়ানো রোনালদো
ফুটবল মাঠের পর এবার অভিনয়ে নাম লেখাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। ইনস্টাগ্রামে নিজেই এ খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী এই ফুটবলার।
ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে সিরিজটি নির্মাণ করছেন রোনালদো। ২০২৫ সালে তাঁরা ‘ইউআর মার্ভ স্টুডিওস’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ‘কিংসম্যান’ ও ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’ সিনেমা পরিচালনা করে পরিচিতি পেয়েছেন ম্যাথিউ ভন।
ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ মাত্রই শুরু হলো। সামনে আরও চমক আসছে!’
স্ক্রিপ্টেড ড্রামা সিরিজটির গল্প আবর্তিত হবে ব্রিটিশ ফুটবলের বাণিজ্যিক জগতকে ঘিরে। এতে স্ট্যানলি ডাল্টন নামের একজন প্রভাবশালী ফুটবল এজেন্টের জীবন তুলে ধরা হবে। খেলোয়াড়দের দলবদল, দর-কষাকষি ও বাণিজ্যিক চুক্তির জটিলতা সামলানোই হবে তাঁর কাজ।
স্ট্যানলি ডাল্টন চরিত্রে অভিনয় করবেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিত তিনি। এ ছাড়া সিরিজটিতে যুক্ত হয়েছেন ফ্রান্স ও আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র্যাপার ডেভ।
ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের মৌলিক ভাবনা থেকে সিরিজটির গল্প তৈরি হয়েছে। তিনি সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরিরও এজেন্ট ছিলেন।
প্রযোজনা প্রতিষ্ঠানটির চিফ ক্রিয়েটিভ অফিসার কার্লোস পেরেস জানিয়েছেন, সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন রোনালদো। পাশাপাশি কয়েকটি পর্বে নিজের ভূমিকায় ক্যামিও চরিত্রেও দেখা যাবে তাঁকে।
তবে ‘ডে ওয়ানস’ সিরিজটি কবে মুক্তি পাবে, কোন প্ল্যাটফর্মে প্রচারিত হবে কিংবা এতে কতটি পর্ব থাকবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।