সাফ চ্যাম্পিয়নশিপ
ফারহানের জাদুকরী গোল, শ্রীলঙ্কাকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
চার গোলের দাপুটে জয়, মাঠজুড়ে একচ্ছত্র আধিপত্য আর ফারহান আলী ওয়াহিদের চোখধাঁধানো একক প্রচেষ্টা—সব মিলিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত এক রাত কাটাল বাংলাদেশ।
বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। অষ্টম মিনিটে শমিত সোমের গোলে এগিয়ে যায় দল। হামজা চৌধুরীর ক্রস থেকে তৈরি হওয়া সুযোগে ফিরতি বলে জালে পাঠান শমিত।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন হামজা চৌধুরী। একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে গিয়ে দুর্দান্ত শটে গোল করেন বাংলাদেশের অধিনায়ক।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন ফারহান আলী ওয়াহিদ। তিন প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে তাঁর করা চোখধাঁধানো গোলটি ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
এরপর ম্যাচের শেষ দিকে চতুর্থ গোল করেন রাকিব হোসেন। দৌড়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে পেছনে ফেলে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি।
আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে স্বাগতিকরা। গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠেছে ভুটান।
বাংলাদেশ সর্বশেষ ২০১৯ সালে ভুটানের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছিল। তবে সেই প্রীতি ম্যাচে একটি গোল হজমও করেছিল দলটি।
আগামী ১৪ নভেম্বর ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। একই দিন অপর সেমিফাইনালে খেলবে ভারত ও ভুটান।
