EN ☀️
×

Follow Us

খেলা

শারজা টেস্টে ইতিহাস, একই ম্যাচে তিন ৫০০

৪১ বছর বয়সে ডাবল সেঞ্চুরি করলেন ক্রেগ আরভিন

খেলা ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:০২ এএম

শারজা টেস্টে ইতিহাস, একই ম্যাচে তিন ৫০০

শারজা টেস্টে ডাবল সেঞ্চুরির পর ক্রেগ আরভিন। ছবি: এসিবি

অ অ

জিম্বাবুয়ে–আফগানিস্তান শারজা টেস্টে এমন এক রেকর্ড হয়েছে, যা ২,৬৪২ টেস্টের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। এক ম্যাচে তিনটি দলীয় ইনিংসই ৫০০ রান ছাড়িয়েছে। মঙ্গলবার পাঁচ দিনের ম্যাচটি ড্র হয়েছে। জিম্বাবুয়ে করেছে ৫০৪ ও ৫২৩/৫, আফগানিস্তান ৫১৪।

সিলেটে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ এবং রাওয়ালপিন্ডিতে পাকিস্তান–শ্রীলঙ্কা টেস্টের আড়ালে এই ম্যাচ অনেকটাই আলোচনার বাইরে ছিল। জিম্বাবুয়ে টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে দুই ইনিংসেই ৫০০-র বেশি রান করেছে। এর আগে এক ম্যাচে অন্তত দুই ইনিংসে ৫০০+ স্কোর দেখা গেছে ৪৯ বার। দুই দল মিলিয়ে ১,৫৪১ রান হলেও এক টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় ম্যাচটি ৪১তম। পাঁচ দিনে পড়েছে মাত্র ২৫ উইকেট।

শেষ দিন ৩ উইকেটে ১৬৪ রান নিয়ে নামা জিম্বাবুয়ের হয়ে শেষ সেশনে সেঞ্চুরি করেন ওয়েলেসলি মাধেভেরে। টেস্টে এটি তাঁর প্রথম সেঞ্চুরি। এর আগে ২০৬ রানে অপরাজিত থেকে ডাবল সেঞ্চুরি করেন ৪১ বছর ৮২ দিন বয়সী ক্রেগ আরভিন। টেস্টে তৃতীয় বয়োজ্যেষ্ঠ হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি।

তালিকায় তাঁর ওপরে আছেন এরিক রোয়ান (৪২ বছর ৬ দিন, ১৯৫১) ও জ্যাক হবস (৪১ বছর ১৯৫ দিন, ১৯২৪)। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন ৪০ বছর ২৭৬ দিন বয়সী ব্রেন্ডন টেলর। ১৯২৬ সালের লর্ডস টেস্টের পর এই প্রথম এক টেস্টে চল্লিশোর্ধ্ব দুই ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেন।

ম্যাচে মোট সেঞ্চুরি হয়েছে ৭টি। এক টেস্টে সর্বোচ্চ ৮ সেঞ্চুরির রেকর্ড আছে ২০০৫ সালের অ্যান্টিগা ও ২০১৩ সালের গল টেস্টে।

আরও পড়ুন