অসুস্থ বাটলার, সিঙ্গাপুর সিরিজে নারী দলের কোচ কে?
খেলা ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
সিঙ্গাপুর সিরিজের আগে অনিশ্চিত নারী দলের কোচ পিটার বাটলার।
ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে সিরিজের আগে প্রধান কোচ পিটার বাটলারের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গুরুতর অসুস্থতায় ইংল্যান্ডে চিকিৎসাধীন এই ইংলিশ কোচের মেডিকেল রিপোর্টের অপেক্ষায় আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ম্যাচ দুটি হবে ১ ও ৫ ডিসেম্বর। এর প্রস্তুতি নিতে গত ৩১ অক্টোবর থেকে চট্টগ্রামে অনুশীলন করছেন ঋতুপর্ণা চাকমারা। গত সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে বাফুফে এলিট একাডেমি থেকে মূল দলের দায়িত্ব নেন বাটলার। কিন্তু তিনি চট্টগ্রামে না গিয়ে চিকিৎসার জন্য নিজ দেশ ইংল্যান্ডে ফিরে যান।
একটি সূত্র জানিয়েছে, ৬০ বছর বয়সী এই কোচ ক্যানসারে আক্রান্ত। তবে বাফুফের কোনো কর্মকর্তা এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।
রবিবার বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ গণমাধ্যমকে বলেন, ইংল্যান্ডে পৌঁছানোর পরই বাটলার জানিয়েছেন, সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। অন্যদের কাছে ক্যানসারের কথা শুনলেও রোগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাঁরা জানেন না।
কিরণ আরও জানান, কারিগরি পরিচালক এ কে এম সাইফুল বারী টিটুকে সাময়িকভাবে দলের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই ম্যাচের জন্য নতুন কোচের খোঁজ করছেন বাফুফে সভাপতি।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, বাটলারের শারীরিক অবস্থার চূড়ান্ত তথ্যের অপেক্ষায় আছেন তাঁরা। বাটলার সিরিজের দায়িত্ব নিতে না পারলে অবশ্যই অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেওয়া হবে।
নারী দলের দায়িত্বে ফরাসি কোচ এরিক মেয়ার আসতে পারেন বলে গুঞ্জন আছে। তবে তাবিথ আউয়াল বিকল্প কারও নাম উল্লেখ করেননি। তিনি বাটলারের দ্রুত আরোগ্য কামনা করেছেন।