EN ☀️
×

Follow Us

খেলা

সাদা জার্সির ১১ বছরের অধ্যায় শেষ, অবসরে শামি

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ এএম

সাদা জার্সির ১১ বছরের অধ্যায় শেষ, অবসরে শামি

ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত

অ অ

ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে লাল বলের ক্রিকেটকে বিদায় জানান ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। ভারতের হয়ে ৬৪ টেস্টে ২২৯ উইকেট নিয়ে শেষ হলো তাঁর বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ার।

২০১৩ সালে টেস্ট অভিষেকের পর থেকে ভারতের পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন শামি। দীর্ঘ সময় ধরে নিখুঁত লাইন-লেংথ, দুর্দান্ত সিম পজিশন এবং বল সুইং করানোর দক্ষতায় প্রতিপক্ষ ব্যাটারদের ভুগিয়েছেন তিনি।

২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল ভারতের হয়ে শামির শেষ টেস্ট ম্যাচ। এরপর আর জাতীয় দলের সাদা জার্সিতে মাঠে নামা হয়নি তাঁর।

টেস্ট ক্রিকেটে ফেরার আশায় ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণের চেষ্টা চালিয়ে গেছেন এই পেসার। রঞ্জি ট্রফিতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তবে জাতীয় দলে ফেরার সুযোগ আর হয়ে ওঠেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়াও তাঁর জন্য বড় ধাক্কা ছিল। শেষ পর্যন্ত টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। 

ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে শামি লেখেন, ‘সাদা জার্সিকে বিদায় জানাচ্ছি ঠিকই, কিন্তু এই জার্সির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে কখনো বিদায় জানাতে পারব না। প্রথমবার যখন ভারতের টেস্ট জার্সি গায়ে তুলেছিলাম, তখন আমার একটাই স্বপ্ন ছিল—দেশের জন্য কিছু করা।’

নিজের দীর্ঘ ক্রিকেটজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘তারপর থেকে প্রতিটি উইকেট, প্রতিটি লড়াই, প্রতিটি চোট এবং প্রতিবার ফিরে আসা আমাকে নতুন কিছু শিখিয়েছে।’

টেস্ট ক্রিকেট যে তাঁর কাছে শুধুই একটি খেলার ধরন ছিল না, সেটিও স্পষ্ট করেছেন শামি। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে শুধু একটি ফরম্যাট ছিল না। এটি আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আজ অনেক সুন্দর স্মৃতি আর ভারাক্রান্ত মন নিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করছি।’

দীর্ঘ এই যাত্রায় সতীর্থ, কোচ, পরিবার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের এই পেসার। ভালো ও খারাপ সময়ে পাশে থাকার জন্য সবার প্রতি ধন্যবাদ জানান তিনি। 

অবসর ঘোষণার বার্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকেও (সিএবি) ধন্যবাদ জানিয়েছেন শামি। তাঁর প্রতিভায় আস্থা রাখা এবং ক্রিকেটজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য দুই সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিদায়ী বার্তায় শামি আরও লেখেন, ‘মাঠে আমার শেষ টেস্ট বলটি হয়তো করা হয়ে গিয়েছে। কিন্তু দেশের হয়ে খেলার গর্ব আমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। ধন্যবাদ, টেস্ট ক্রিকেট।’

৬৪ টেস্টে ২২৯ উইকেট নিয়ে ভারতের অন্যতম সফল পেসার হিসেবে সাদা জার্সির অধ্যায় শেষ করলেন শামি। তাঁর টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘটলেও ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন