EN ☀️
×

Follow Us

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: জেনে নিন খুঁটিনাটি তথ্য

খেলা ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: জেনে নিন খুঁটিনাটি তথ্য

ঢাকায় শুরু সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর।

অ অ

দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব নির্ধারণে ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ, ৫ নভেম্বর শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল না থাকায় ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে, ফাইনাল ১৭ নভেম্বর।

গ্রুপ ‘এ’-তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। আজ বেলা সাড়ে ৩টায় ভারত–পাকিস্তান এবং রাত ৮টায় বাংলাদেশ–ভুটান ম্যাচ। সেমিফাইনাল ১৪ নভেম্বর।

১৯৯৩ সালে সার্ক গোল্ডকাপ নামে শুরু হওয়া টুর্নামেন্টের নাম ১৯৯৫ সালে হয় সাউথ এশিয়ান গোল্ডকাপ, আর ১৯৯৭ থেকে সাফ চ্যাম্পিয়নশিপ। আসরের কোনো নির্দিষ্ট বিরতি নেই। টানা দুই বছরও হয়েছে, আবার চার বছরের ব্যবধানও দেখা গেছে। এবার চতুর্থবার আয়োজক হয়ে ভারতের রেকর্ড ছুঁল বাংলাদেশ।

বাংলাদেশ প্রথম আসরে না খেললেও পরের ১৩ আসরেই অংশ নিয়েছে। ২০০৩ সালে ঘরের মাঠে টাইব্রেকারে মালদ্বীপকে ৫-৩ গোলে হারিয়ে একবার চ্যাম্পিয়ন হয়েছে, ফাইনাল খেলেছে তিনবার। সব মিলিয়ে ৪৬ ম্যাচে ১৮ জয়, ১২ ড্র ও ১৬ হার।

সবচেয়ে সফল দল ভারত, ১৪ আসরে নয়বার চ্যাম্পিয়ন। এবার জিতলে প্রথম দল হিসেবে টানা তিনবার শিরোপা জিতবে তারা। মালদ্বীপ দুবার এবং আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৩ সালে কুয়েত ও লেবানন অতিথি দল হিসেবে খেলেছিল। আফগানিস্তান সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য হয়ে সাফ ছেড়ে গেছে।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মালদ্বীপের আলী আশফাক ও ভারতের সুনীল ছেত্রী, দুজনেরই গোল ২৩টি। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আশফাকের ছয় গোলে মালদ্বীপ ১০-০ ব্যবধানে জেতে, যা এই টুর্নামেন্টের সবচেয়ে বড় জয়।

আরও পড়ুন