EN ☀️
×

Follow Us

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ

ম্যাচ শেষে হাত মেলাবে ভারত-পাকিস্তান

খেলা ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

ম্যাচ শেষে হাত মেলাবে ভারত-পাকিস্তান
অ অ

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ক্রিকেটে সাম্প্রতিক সময়ে হাত না মেলানো নিয়ে আলোচনা হলেও ফুটবলে সেই বৈরিতা টানতে চান না দুই দলের কোচ ও অধিনায়ক। ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে তাঁরা জানিয়েছেন, মাঠে লড়াই হলেও ম্যাচ শেষে খেলোয়াড়েরা হাত মেলাবেন।

ভারতীয় কোচ নওশাদ মুসাকে প্রশ্ন করা হয়েছিল, ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো ও জার্সি বদল করা হবে কি না। জবাবে তিনি বলেন, ‘অবশ্যই, আমরা তা করব। প্রয়োজনে তাদের সঙ্গে কোলাকুলিও করব।’

পাকিস্তান অধিনায়ক আলমগীর গাজীও একই কথা বলেছেন। তাঁর ভাষ্য, ‘এটি তো ক্রিকেট নয়, ফুটবল। আর সে কারণেই খেলাটি এত সুন্দর। আমরাও একই কাজ করব।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলা আলমগীর এই ম্যাচে বাংলাদেশের দর্শকদের সমর্থনও চেয়েছেন।

এবার দ্বিতীয় সারির দল নিয়ে ঢাকায় এসেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য মূল দলের একাংশ সেখানে গেছে। ভারতীয় সুপার লিগ চলায় সব খেলোয়াড়কেও পাননি নওশাদ। তবু তিনি আত্মবিশ্বাসী, শিরোপা ধরে রাখা নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন। ভারত অধিনায়ক নাথান রদ্রিগেজ বলেন, ম্যাচটি নিয়ে বাড়তি কোনো চাপ নেই।

অন্যদিকে প্রথমবারের মতো সাফের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে নামছে পাকিস্তান। কোচ তিতুস ব্র্যাম্বল জানান, লজিস্টিক সমস্যার কারণে ঢাকায় পৌঁছাতে দেরি হলেও দল এখন পুরোপুরি প্রস্তুত।

ছয় দলের এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর হবে সেমিফাইনাল, ফাইনাল ১৭ নভেম্বর।

আরও পড়ুন