আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রূপকথা লিখে চলেছে আফগানিস্তান ক্রিকেট দল। ২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে পথ চলা শুরু করা দলটি মাত্র ১৭ বছরের মাথায় আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে এসেছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে পেছনে ফেলে নিজেদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ এই অবস্থানে পৌঁছাল আফগানরা।
ক্রিকেটের তিন সংস্করণ (টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি) মিলিয়েই এটি আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ র্যাঙ্কিং। এর আগে টি-টুয়েন্টিতে দলটির সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম এবং টেস্টে নবম।
সর্বশেষ এই র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পেছনে পড়ে গেছে সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা (৭ম), ইংল্যান্ড (৮ম) ও ওয়েস্ট ইন্ডিজ (১০ম)। তবে শুধু এই পরাশক্তিগুলোই নয়, আফগানদের নিচে অবস্থান করছে বাংলাদেশও; টাইগারদের বর্তমান অবস্থান নবম।
প্রকাশিত তালিকায় আফগানিস্তান ও শ্রীলঙ্কা—দুই দলেরই রেটিং পয়েন্ট সমান ৯৪। তবে ভগ্নাংশের সূক্ষ্ম ব্যবধানে লঙ্কানদের লড়াকু আফগানরা পেছনে ফেলেছে। এদিকে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের চেয়ে ৬ রেটিং পয়েন্ট এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
আফগান ক্রিকেটের এই উত্থান অবশ্য হঠাৎ করে নয়। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখিয়েছিল তারা। ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত ১৯১টি ম্যাচ খেলে ৯৬টিতেই জয় পেয়েছে আফগানিস্তান। সাম্প্রতিক সময়ে আয়ারল্যান্ডকে ৪–০ ব্যবধানে হারানোর পর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ে এই অবিশ্বাস্য লাফ দিল রশিদ-নবিদের দল।