EN ☀️
×

Follow Us

খেলা

লিভারপুলকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩০ এএম

লিভারপুলকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

ছবি: সংগৃহীত

অ অ

ম্যানচেস্টার সিটির হারের সুযোগ কাজে লাগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখল করেছে আর্সেনাল। অ্যানফিল্ডে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ২১ পয়েন্টে থাকা ম্যানসিটির চেয়ে তিন পয়েন্টে এগিয়ে গেল মিকেল আর্তেতার দল।

শনিবার ব্রাইটনের কাছে হারে ম্যানচেস্টার সিটি। এতে শীর্ষস্থান দখলের সুযোগ তৈরি হয় আর্সেনালের সামনে। তবে অ্যানফিল্ডে গানারদের সাম্প্রতিক রেকর্ড ছিল হতাশাজনক। ২০১২ সালের পর লিভারপুলের মাঠে প্রিমিয়ার লিগে জয়ের দেখা পায়নি উত্তর লন্ডনের ক্লাবটি। অবশেষে ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটাল আর্তেতার দল।

ম্যাচের একমাত্র গোলটি আসে ১৬ মিনিটে। গোলমুখের সামনে ডেকলান রাইসের নিচু ক্রস ব্যাক পোস্ট থেকে জালে পাঠান কাই হ্যাভার্টজ। চলতি মৌসুমে আর্সেনালের হয়ে এটি তার তৃতীয় গোল। এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে জার্মান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার আসনেও বসেন তিনি। চেলসির হয়ে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৯ গোল করেছিলেন হ্যাভার্টজ। আর্সেনালের জার্সিতে এটি তার ২৭তম গোল।

গোল হজমের পর আর্সেনালের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় লিভারপুল। প্রথমার্ধের বাকি সময়ে সমতা ফেরানোর চেষ্টা করে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে তারা। তবে আর্সেনালের জমাট রক্ষণ ভাঙতে পারেনি লিভারপুল।

মাইলস লুইস-স্কেলি মাঠে নামার পর আর্সেনাল আক্রমণে গতি ফেরানোর চেষ্টা করে। ক্রিস্টোস জোলিসের একটি শট এক হাতে ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন। ফলে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয় আর্সেনালের।

আরও পড়ুন