মিরপুর টেস্টে চেজ-ওয়ারিক্যানের ঘূর্ণিতে বিপর্যস্ত বাংলাদেশ
খেলা ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম
মিরপুর টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শুক্রবার (৩০ অক্টোবর) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোস্টন চেজ ও জোমেল ওয়ারিক্যানের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে ৬০ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকেরা। নাঈম হাসান ও জাকের আলীর প্রতিরোধের মধ্যেই আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়। তখন বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৬ উইকেটে ৭৯ রান। প্রথম ইনিংসের ২৭ রান মিলিয়ে লিড ১০৬।
ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করে ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুতেই শামার জোসেফের বলে গালিতে ক্যাচ দিয়ে রানের খাতা না খুলেই ফেরেন তানজিদ হাসান। সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস গোছানোর চেষ্টা করলেও ১১তম ওভারে জোড়া আঘাত হানেন ক্যারিবীয় অধিনায়ক চেজ। ওভারের প্রথম বলে সাদমান বোল্ড হন, চতুর্থ বলে ফেরেন তাওহিদ হৃদয়। পরের ওভারে চেজের বলে এলবিডব্লিউ হন শান্ত। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।
৩৩ রানে ৪ উইকেট হারানোর পর বৃষ্টিতে আগেভাগে চা বিরতি হয়। বিরতির পর প্রথম ওভারেই লিটন দাসকে (৪) এলবিডব্লিউ করেন ওয়ারিক্যান, রিভিউয়েও সিদ্ধান্ত বদলায়নি। এরপর ভেতরে ঢোকা বলে মেহেদী হাসান মিরাজকে (৯) বোল্ড করেন তিনি। ২৫ ওভারে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৬০।
এরপর নাঈম ও জাকেরের জুটিতে প্রতিরোধ গড়ে ওঠে। এক সময় এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউয়ে বদলে বেঁচে যান নাঈম। সপ্তম উইকেটে ১৯ রান যোগ হওয়ার পর আবার আলো কমে যায়। আগের দুই দিনের মতো তৃতীয় দিনেও আলোকস্বল্পতায় খেলা থামাতে হয়েছে।
এর আগে সকালে নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তেজনারায়ণ চন্দরপল ৫৬ ও জাস্টিন গ্রিভস ৪৬ রান করেন। শেষ তিন উইকেটে মাত্র ৫ রান যোগ করে ক্যারিবীয়রা। নাঈম ৪টি এবং মিরাজ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নেন।