ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন ‘ডেইলি সানের’ শামীম চৌধুরী
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০১:১২ পিএম
ক্রীড়া সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পদক লাভ করেছেন ইংরেজি দৈনিক ‘ডেইলি সান’-এর স্পোর্টস এডিটর শামীম চৌধুরী। অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ মেইল২৪.নিউজ’- এর পক্ষ থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে পোর্টালটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয়।
শামীম চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ মেইল২৪.নিউজের প্রধান সম্পাদক এ বি জিয়াউদ্দিন এবং সম্পাদক রাশেদ তালুকদার।
দীর্ঘ ৩৪ বছর ধরে ক্রীড়া সাংবাদিকতার জগতে যুক্ত রয়েছেন শামীম চৌধুরী। বিশেষ করে তাঁর গবেষণাভিত্তিক এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য তাঁকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
শামীম চৌধুরী ছাড়াও সমাজের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে এই অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন— বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী, ন্যাশনাল স্টুডেন্ট ফোরামের প্রধান সংগঠক সালমান শরিফ সাজিদ, লেখক ও গণমাধ্যম বিশ্লেষক ওমাইর আহমেদ শাওন, শিক্ষক ও সমাজকর্মী দোলন ভৌমিক এবং রফিকুল ইসলাম খোকন।
সাংবাদিকদের মধ্যে আরও সম্মাননা পেয়েছেন ‘বাংলাদেশ প্রতিদিন’-এর সিনিয়র রিপোর্টার মোস্তফা মতিহার এবং ‘ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ’ (ইউএনবি)-এর বিশেষ সংবাদদাতা মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে অনলাইন নিউজ পোর্টালটির সম্পাদক ও প্রধান সম্পাদক আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সম্মাননা পেশাদার সাংবাদিকদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দায়িত্বশীল ও গবেষণাভিত্তিক সাংবাদিকতাকে আরও উৎসাহিত করবে।