EN ☀️
×

Follow Us

খেলা

মার্কার ১০০ ফুটবলারের তালিকায় মেসি ছয়ে, শীর্ষে হ্যারি কেইন

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫০ পিএম

মার্কার ১০০ ফুটবলারের তালিকায় মেসি ছয়ে, শীর্ষে হ্যারি কেইন

ছবি: সংগৃহীত

অ অ

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার ২০২৫-২৬ মৌসুমের সেরা ১০০ ফুটবলারের তালিকায় শীর্ষস্থান পেয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। দ্বিতীয় স্থানে বার্সেলোনার লামিন ইয়ামাল এবং তৃতীয় স্থানে কিলিয়ান এমবাপ্পে। তালিকায় লিওনেল মেসি ছয়ে থাকলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর অবস্থান ৩৩ নম্বরে।

ব্যালন ডি’অর ঘোষণার আগে নিজেদের চোখে মৌসুমের সেরা ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। ২০০ জনের বেশি সাবেক খেলোয়াড়, সাংবাদিক ও বিশ্লেষকের ভোটে তৈরি এই তালিকায় ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে।

তালিকার শীর্ষে রয়েছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। দ্বিতীয় স্থানে বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল এবং তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। চতুর্থ স্থানে স্পেনের মিডফিল্ডার রদ্রি এরনান্দেজ এবং পঞ্চম স্থানে পিএসজির জর্জিয়ান তারকা কভিচা কভারাৎসখেলিয়া।

ইন্টার মিয়ামির আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি রয়েছেন ষষ্ঠ স্থানে। তার পরেই সপ্তম স্থানে পিএসজির স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইস। অষ্টম স্থানে বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসে, নবম স্থানে পিএসজির উসমান দেম্বেলে এবং দশম স্থানে বার্সেলোনার ডিফেন্ডার পাউ কুবার্সি।

রিয়াল ও বার্সার খেলোয়াড়দের অবস্থান

রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম রয়েছেন ১৫ নম্বরে। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ২২ নম্বরে, গোলরক্ষক থিবো কোর্তোয়া ২৮ নম্বরে এবং তুরস্কের আর্দা গুলের ৪৭ নম্বরে।


বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে ব্রাজিলের রাফিনিয়া ১৩, স্পেনের পেদ্রি ১৪, ফেরান তোরেস ১৭, দানি ওলমো ২১, গোলরক্ষক জোয়ান গার্সিয়া ৪২ এবং এরিক গার্সিয়া ৫৫ নম্বরে রয়েছেন।

রোনালদো ও পিএসজির খেলোয়াড়েরা

আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন ৩৩ নম্বরে। তার সতীর্থ জোয়াও ফেলিক্সের অবস্থান ৭০।

পিএসজির তিন খেলোয়াড় কভারাৎসখেলিয়া, ফাবিয়ান রুইস ও দেম্বেলে সেরা দশে জায়গা পেয়েছেন। এ ছাড়া মরক্কোর আশরাফ হাকিমি রয়েছেন ২০ নম্বরে। ভিতিনহা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, মার্কিনিয়োস ও উইলিয়ান পাচোও তালিকায় স্থান পেয়েছেন।

ইউরোপের বড় লিগের বাইরের খেলোয়াড়দের মধ্যে আলোচনায় রয়েছেন ইন্টার মিয়ামির মেসি ও আল নাসরের রোনালদো। তবে তালিকাটি মার্কার নিজস্ব মূল্যায়ন; এটি ব্যালন ডি’অরের চূড়ান্ত ফল নয়।

আরও পড়ুন