EN ☀️
×

Follow Us

খেলা

বৃষ্টিতে পরিত্যক্ত সিরিজ নির্ধারণী ম্যাচ, শিরোপা ভাগাভাগি ভারত-উইন্ডিজের

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ এএম

বৃষ্টিতে পরিত্যক্ত সিরিজ নির্ধারণী ম্যাচ, শিরোপা ভাগাভাগি ভারত-উইন্ডিজের

ছবি: সংগৃহীত

অ অ

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। ফলে ২-২ ব্যবধানে সিরিজ ড্র হওয়ায় শিরোপা ভাগাভাগি করেছে দুই দল।

ম্যাচে বৃষ্টির কারণে প্রায় আড়াই ঘণ্টা দেরিতে টস অনুষ্ঠিত হয়। পরে বৃষ্টি থামলে ৯ ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রাত ১০টা ২১ মিনিটে আবারও বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত আর মাঠে ফিরতে পারেননি দুই দলের ক্রিকেটাররা।

সংক্ষিপ্ত ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। অভিষেক শর্মা লেগ সাইডে ছক্কা হাঁকালেও পরের বলেই কিমো পলের শিকার হন তিনি।

তবে ইশান কিষাণের ব্যাটে রানের গতি বাড়তে থাকে। রোমারিও শেফার্ডের করা দ্বিতীয় ওভারে ২৪ রান তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। পরে শামার জোসেফের বলে আউট হওয়ার আগে মাত্র ১০ বলে ৩০ রান করেন কিষাণ।

অন্যদিকে, উইকেটে এসেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন সাঞ্জু স্যামসন। একটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। তিন ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৫৬ রান।

এরপর স্পিন আক্রমণে যান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। গুডাকেশ মোটির বলে ব্যাটারদের রান তোলার গতি কিছুটা কমে আসে। শ্রেয়াস আইয়ার দুটি চারের সাহায্যে ইনিংস শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৮ রানে জীবন পাওয়ার পর শেষ পর্যন্ত ২২ রান করে আউট হন তিনি।

এরপর নামান ধীর ব্যাট হাতে ঝড় তোলেন। প্রথম বলেই ছক্কা হাঁকানো এই ব্যাটার মাত্র ৬ বলে ২৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি ছক্কা ও একটি চার।

তবে তিলক ভার্মার আউটের পর বৃষ্টির তীব্রতা বাড়তে থাকায় খেলোয়াড়েরা মাঠ ছাড়েন। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মেনে পরিত্যক্ত ঘোষণা করা হয় সিরিজ নির্ধারণী ম্যাচটি।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ১১৮/৫ (৭.৪ ওভার)। ইশান কিষাণ ৩০, নামান ধীর ২৪*। শামার স্প্রিংগার ২/১৭, কিমো পল ২/৩৪। বৃষ্টির কারণে ৯ ওভারের ম্যাচটি পরিত্যক্ত। পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র।

আরও পড়ুন