আইইউবি ও ইউআইইউতে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর প্রচারণা
খেলা ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম
ছবি: ডেইলি সান
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াতে শুরু হয়েছে এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬-এর ক্যাম্পাসভিত্তিক প্রচারণা। মঙ্গলবার সকালে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) এ কার্যক্রমের সূচনা হয়। পরে বিকেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
দুই বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক খেলোয়াড় ও শিক্ষার্থী অংশ নেন। তাদের অংশগ্রহণে আয়োজন করা হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।
আইইউবিতে অনুষ্ঠিত হয় ‘হিট দ্য স্টাম্প’ প্রতিযোগিতা। এতে বিজয়ী পান ৫ হাজার টাকা পুরস্কার। অন্যদিকে, ইউআইইউতে ‘ক্রসবার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় বিজয়ীও পান ৫ হাজার টাকা। দুই প্রতিযোগিতায় মোট ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও আনন্দঘন পরিবেশে সময় কাটান আয়োজকেরা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতায় তাদের উৎসাহ আসন্ন টুর্নামেন্ট ঘিরে বাড়তি উদ্দীপনা তৈরি করে।
এ সময় শিক্ষার্থীরা এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা জানান।
আয়োজকদের লক্ষ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করা।
আইইউবি ও ইউআইইউতে প্রচারণা কার্যক্রম শুরুর পর পর্যায়ক্রমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও এ আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়বে এবং এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ ঘিরে ক্যাম্পাসগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।